
২৩৩ বছরের ইতিহাসে ছন্দপতন। এই প্রথমবারের মতো ব্রিটিশ ক্রিকেটের মেরিলিবোন ক্রিকেট ক্লাব বা এমসিসি পেতে চলেছে একজন মহিলা সভাপতিকে। প্রাক্তন ইংলিশ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ক্লারে কনর পেতে যাচ্ছেন দারুণ এই সম্মানটি। এমসিসির বর্তমান প্রধান শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা। কনর এ মুহূর্তে ইংলিশ ক্রিকেট বোর্ডের (ইসিসিব) মহিলা ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। বুধবার এমসিসির ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভায় কনরের নাম ঘোষণা করেন সাঙ্গাকারা নিজেই। ২০২১ সালের ১ অক্টোবর থেকে তিনি এমসিসির প্রধান হিসেবে শ্রীলঙ্কার তারকার স্থলাভিষিক্ত হবেন। করোনাভাইরাস মহামারির জন্য সাঙ্গাকারাকেই ২০২১ সাল পর্যন্ত সভাপতি হিসেবে বাড়তি দায়িত্ব পালন করতে বলা হয়েছে। এমসিসির প্রথম মহিলা সভাপতি হওয়ায় উচ্ছ্বসিত কনর, ‘ক্রিকেট ইতিমধ্যেই আমার জীবনকে অনেক সমৃদ্ধ করেছে এখন এই ক্রিকেটই আমাকে দারুণ একটা সম্মানের অধিকারী করল। ৯ বছর বয়সে আমি একজন ক্রিকেট পাগল দর্শক হিসেবে প্রথম লর্ডসে গিয়েছিলাম। মহিলা হিসেবে কেউ একটা সময় পর্যন্ত লর্ডসের লং রুমে প্রবেশ করতে পারত না। এখন সময়টা দারুণভাবেই বদলে গিয়েছে। কনর ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের হয়ে খেলা শুরু করেন ১৯৯৫ সালে, মাত্র ১৯ বছর বয়সে। ২০০০ সালে পান অধিনায়কত্ব। পরের বছরই অস্ট্রেলিয়ার বিপক্ষে লর্ডসে নেতৃত্ব দেন দেশকে। তিনি ছিলেন বাঁ হাতি স্পিনার। ২০০৫ সালে ক্যাপ্টেন হিসেবে ৪২ বছরে প্রথম মহিলাদের অ্যাশেজ জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। অবসরের পর ২০০৭ সাল থেকে তিনি সংগঠক হিসেবে ইংলিশ ক্রিকেটের সঙ্গে জড়িয়ে আছেন।
إرسال تعليق
Thank You for your important feedback