
শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানা এলাকার তালদিতে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়ায়। বাড়ির কাছেই একটি গাছে হাত বাঁধা অবস্থায় হরিদাস গায়েন (৩৩) নামে ওই যুবকের দেহ ঝুলতে দেখেন এলাকাবাসী। হরিদাসের পরিবার ও প্রতিবেশীদের অভিযোগ, স্ত্রীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় খুন হতে হয়েছে তাঁকে। জানা যাচ্ছে, শঙ্কর মিস্ত্রি নামে স্থানীয় এক যুবকের সঙ্গে হরিদাসের স্ত্রী অর্চনার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। সেটা জানাজানি হতেই বাড়িতে অশান্তি শুরু হয়। এরপরই বাপের বাড়ি চলে যায় অর্চনা। সেখান থেকে নানাভাবে হরিদাসকে খুনের হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ পরিবারের। শনিবার তাঁর হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বাড়ির অদূরে। এরপরই প্রতিবেশীরা হরিদাসের স্ত্রী ও তাঁর প্রেমিককে গ্রেফতারের দাবি তোলেন। পরে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে।

إرسال تعليق
Thank You for your important feedback