
ভাটপাড়ায় অশান্তি থামার নাম নেই। করোনা কালে লকডাউনের মধ্যেও ভাটপাড়ায় বোমাবাজি ও গুলি চালানোর ঘটনা অব্যহত। বৃহস্পতিবার রাতেও নতুন করে উত্তেজনা ছড়াল ভাটপার রামনগর কলোনী এলাকায়। অভিযোগ, এক বিজেপি কর্মীকে লক্ষ্য করে পরপর পাঁচটি গুলি চালায় দুষ্কৃতীরা। অভিযোগের তির যথারীতি শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকেই। এই ঘটনার পরই নতুন করে উত্তেজনা ছড়ায় রামনগর কলোনীতে। শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজাও। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং দাবি করেছেন, ‘তৃণমূলের দুষ্কৃতীরাই বিজেপি কর্মী রাজ বিশ্বাসের দিকে পাঁচ রাউন্ড গুলি চালিয়েছে। তাঁকে খুনের চেষ্টা করে দুষ্কৃতীরা।

অথচ পুলিশ উল্টে বিজেপি কর্মীদের ধরেই কেস দিচ্ছে। আমাকেও গ্রেফতার করার চক্রান্ত করছে পুলিশ’। অপরদিকে ভাটপাড়ার তৃণমূল নেতা দেবজ্যোতি ঘোষের দাবি, বিজেপির অন্তর্কলহেই গুলি চলেছে। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। উল্টে তিনি এটাকে বিজেপির ক্ষমতা দখলের লড়াই বলেই দাবি করেছেন। তৃণমূল নেতার এই দাবি উড়িয়ে অর্জুন সিংয়ের কটাক্ষ, এখানে সাংসদ ও বিধায়ক বিজেপির, তাহলে ক্ষমতা দখলের লড়াই কারা করবে? গুলি চালানোর ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। শুক্রবার সকাল থেকেও রামনগর কলোনি সহ আশেপাশের এলাকা থমথমে।
إرسال تعليق
Thank You for your important feedback