সাত সকালে এয়ারপোর্টের কাছে উল্টে গেল যাত্রীবোঝাই মিনিবাস



লকডাউনের জেরে বন্ধ রয়েছে লোকাল ট্রেন। পর্যাপ্ত বাসও নেই রাস্তায়। কলকাতায় কাজে আসা দূর শহরের বাসিন্দারা নিজেরাই উদ্যোগী হয়ে বিভিন্ন গাড়ি ভাড়া করে অথবা মোটরবাইকে চেপেই কাজে আসছেন প্রতিদিন। অনেকেই আবার সাইকেল চালিয়ে চলে আসছেন কর্মক্ষেত্রে। ফলে রাস্তায় প্রাইভেট গাড়ির সংখ্যা এক ধাক্কায় অনেকটাই বেড়েছে। এই পরিস্থিতিতে ছোটখাটো দুর্ঘটনার ঘটনাও ঘটছে। সোমবার সপ্তাহের প্রথম দিনই সাতসকালে অল্পের জন্য প্রাণে বাঁচলেন কয়েকজন অফিসযাত্রী। যশোর রোডে এয়ারপোর্ট দুই নম্বর গেট এলাকায় একটি প্রাইভেট মিনিবাস (টেম্পো-ট্রাভেলার) এক সাইকেল আরোহীকে ধাক্কা মেরে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এই ঘটনায় বেশ কয়েকজন যাত্রী কমবেশী আহত হলেও কারোর মৃত্যু হয়নি বলেই পুলিশ সূত্রে খবর।

পথচারীদের অভিযোগ, বারাসতের দিক থেকে আসার পথে এয়ারপোর্ট দু নম্বর গেটের কাছে একজন সাইকেল আরোহীকে ধাক্কা মারে বাসটি। এরপরই দ্রুত গতিতে পালাতে গিয়ে নিয়ন্ত্রন হারায়। রাস্তার ধারে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় ছোট বাসটি। জানা যাচ্ছে বাসটিতে ৭-৮ জন অফিসযাত্রী ছিলেন। প্রত্যেকেই কমবেশি আহত হয়েছেন। ওই সাইকেল আরোহী সহ পথচারিদের কয়েকজনও আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে এয়ারপোর্ট থানার পুলিশ। ওই বাস চালককে গ্রেফতার করেছে পুলিশ, আটক করা হয়েছে বাসটিও। এই ঘটনার জেরে দিনের ব্যস্ত সময় বেশ কিছুক্ষণ যানজট তৈরি হয় যশোর রোডে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم