
ঘূর্ণিঝড় আমফানের পর প্রবল ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন। এরপর থেকেই বেশ কয়েকটি বাঘের হানার ঘটনা সামনে আসে। এর জেরে কয়েকজন মৎসজীবীর মৃত্যুও হয়েছে। রবিবারও একই ঘটনা সামনে এল। এবারও বাঘের হানায় মৃত্যু হল এক মৎসজীবীর। মৃতের নাম সুশান্ত মণ্ডল (৪৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুন্দরবনের পিরখালি জঙ্গলের বানতলা খালে মাছ ধরতে যায় ওই মৎসজীবী। তাঁর সঙ্গে আরও কয়েকজন ছিলেন। দাবি, গভীর জঙ্গলে নদীর খাড়িতে নৌকায় বসে মাছ ধরার সময় পিছন দিক থেকে ঝাঁপিয়ে পড়ে একটি বাঘ। এরপর সুশান্তের ঘাড়ে ধরে জঙ্গলের মধ্যে টেনে নিয়ে যায় রয়াল বেঙ্গলটি। সঙ্গী মৎসজীবীরা সুশান্তকে বাঁচানোর জন্যে ছুটে এলেও বাঘের মুখে থেকে বাঁচাতে পারেনি তাঁকে। অবশেষে জঙ্গলের কিছুটা ভিতর থেকে সুশান্তের মুণ্ডহীন ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ ও বনকর্মীরা। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারে। আমফান ঝড়ের কবলে জঙ্গলের বেশিরভাগ এলাকার নিরাপত্তা জাল ছিঁড়ে গিয়েছে। এর ফলে মাঝেমধ্যেই বাঘ চলে আসছে গ্রামে বা মৎসজীবীদের মাছ ধরার এলাকায়। ফলে পরপর বাঘের হামলার ঘটনা ঘটায় আতঙ্কে রয়েছেন সুন্দরবনের বাসিন্দারা।
إرسال تعليق
Thank You for your important feedback