অর্জুনের বাড়িতে পুলিশ, বোমাবাজি, ফের উত্তপ্ত ভাটপাড়া


বিগত কয়েকমাস ধরেই ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের সঙ্গে পুলিশের টানাপোড়েন চলছে। আর এই আবহেই বারবার উত্তপ্ত হয়ে উঠছে ভাটপাড়া-জগদ্দল-কাঁকিনাড়া এলাকা। বৃহস্পতিবার সন্ধ্যেয় ফের সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে হানা দেয় পুলিশ। অভিযোগ, ভাটপাড়া ও জগদ্দল থানার পুলিশ একযোগে এক দাগি আসামিকে নিয়ে বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে যায়। এক খুনের মামলায় অভিযুক্ত ওই আসামীকে নিয়ে রেইড করতেই যায় পুলিশ। বিশাল পুলিশবাহিনী ঘিরে ফেলে বিজেপি সাংসদের বাড়ি। কিন্তু সার্চ ওয়ারেন্ট ও পুলিশকর্মীদের করোনা পরীক্ষার রিপোর্ট না থাকায় অর্জুন সিংয়ের বাড়িতে ঢুকতে বাঁধা দেওয়া হয়। অর্জুন সিংয়ের ছেলে ভাটপাড়ার বিধায়ক সৌরভ সিং পুলিশের পথ আটকায়।

তিনিই পুলিশকে জানিয়ে দেয় সার্চ ওয়ারেন্ট ছাড়া বাড়িতে ঢোকা যাবেনা। দীর্ঘক্ষণ পুলিশ দাঁড়িয়ে থাকে অর্জুন সিংয়ের বাড়ির সামনে। সাংসদ অর্জুন সিংয়ের অভিযোগ, ‘পুলিশ নানা অজুহাতে আমায় ও আমার পরিবারকে বদনাম করার চেষ্টা করছে। মিথ্যা অভিযোগ তুলছে। প্রতিনিয়ত হেনস্তা করছে। আমি এই পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে মানহানির মামলা করব’। এর আগে ভাটপাড়া-নৈহাটি কো-অপারেটিভ ব্যাঙ্কের এক দুর্ণীতি মামলার তদন্তে পুলিশ অর্জুন সিংয়ের বাড়ি ও অফিস ‘মজদুর ভবন’-এ গিয়েছিল। তবে এবার অর্জুন সিংয়ের বাসভবনের পাশেই একটি সাদা দোতলা বাড়িতে সার্চ করতে গিয়েছিল পুলিশ। কিন্তু সার্চ ওয়ারেন্ট দেখাতে না পেরে রাতের দিকে ফিরে যায় পুলিশ। এই প্রসঙ্গে বারাকপুর কমিশনারেটের ডিসি সাউথ অজয় ঠাকুর জানিয়েছেন, ‘গণেশ সাউ নামে এক দুষ্কৃতীকে সঙ্গে নিয়েই মজদুর ভবনের কাছে ওই সাদা বাড়িটিতে তল্লাশি করতে গিয়েছিল পুলিশ। কিন্তু সেখানে পুলিশকে ঢুকতে দেওয়া হয়নি। আমরা আদালত থেকে ওয়ারেন্ট নিয়ে ফের অভিযান চালাব’।

অপরদিকে রাতের দিকে ভাটপাড়ায় ফের বোমাবাজি হয় বলে জানা গিয়েছে। বোমাবাজি হয়েছে নৈহাটির মামুদপুর এলাকাতেও। অর্জুন সিং তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করার পর থেকেই ভাটপাড়া-জগদ্দল এলাকায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। বৃহস্পতিবার রাতেও ফের বোমাবাজি হয় ভাটপাড়ায় ১০ নম্বর ওয়ার্ডে। বিজেপির দাবি, তৃণমুলের দুষ্কৃতীরা ব্যাপক বোমাবাজি এবং গুলি চালিয়েছে। তাঁদের দলীয় অফিস দখল করে নিয়েছে। বোমার আঘাতে দুইজন আহতও হয়েছে বলে দাবি এলাকাবাসীর। বোমাবাজির খবর পেয়েই সেখানে যায় ভাটপাড়া বিশাল পুলিশবাহিনী। একইভাবে বৃহস্পতিবার রাতে তৃণমূল পার্টি অফিসে বোমাবাজির খবর পাওয়া গিয়েছে নৈহাটির মামুদপুর এলাকায়। তৃণমূলের অভিযোগ, এলাকা দখল করতেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে প্রচুর বোমা উদ্ধার করেছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপি সাংসদ অর্জুন সিং। শুক্রবার ভোর ৪ টে নাগাদ হালিশহর মঙ্গলদীপ অফিসের সামনে পর পর চারটি বোমা মেরে পালায় দুস্কৃতীরা। এই ঘটনায় একটি পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার বেলার দিকে ওই এলাকা পরিদর্শন করেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং জয়েন্ট সিপি অজয় ঠাকুর। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী রয়েছে। কে বা কারা এই বোমাবাজি করেছে সেটা জানতে তদন্ত শুরু করেছে বিজপুর থানার পুলিশ।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم