
আর মাত্র তিনদিনের অপেক্ষা, তারপরই অযোধ্যায় বহু প্রতীক্ষিত রামমন্দিরের ভূমিপুজো। কিন্তু ওইদিন অর্থাৎ ৫ আগস্ট রাজ্যজুড়ে সাপ্তাহিক লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। এই নিয়ে রাজ্য বিজেপির সঙ্গে রাজ্য সরকারের বিরোধ চরমে উঠেছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রবিবার সকালে রীতিমতো হুঁশিয়ারির সুরেই জানিয়েছেন, ওইদিন লকডাউন করলে রাজ্য সরকারকে ফল ভুগতে হবে। দিলীপ ঘোষের কথায়, ‘আমার মনে হয় এখনও সময় আছে। লকডাউন তুলে নিয়ে আগে পরে করা উচিত। ৫ আগস্ট সারা দেশের মানুষের কাছে গর্বের দিন। উৎসাহ, উদ্দীপনার দিন, ঐতিহাসিক দিন। ওইদিন লকডাউন করলে সরকারকে এর ফল ভুগতে হবে। রামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানে উপস্থিত থাকবেন। এই ঐতিহাসিক ক্ষণে বাংলার মানুষ শামিল হতে পারবেন না এটা দুঃখের। যাঁরা রাষ্ট্রীয় দিবসে লকডাউন করছেন, তাঁদের কিন্তু মানুষ ভুলবে না এত সহজে’। পাশাপাশি তিনি এও তুলে ধরেছেন, আগস্ট মাসের সাপ্তাহিক লকডাউন নিয়ে বহুবার সিদ্ধান্ত বদল করেছে নবান্ন। ঈদ, রাখি, স্বাধীনতা দিবস, গণেশ চতুর্থীর মতো অনুষ্ঠানের জন্য লকডাউনের দিন বদল হয়েছে। তবুও রামমন্দিরের ভূমিপুজোর দিন লকডাউন বহাল রাখে রাজ্য সরকার। আর এতেই চটেছে রাজ্য বিজেপি। রামমন্দিরের ভূমিপুজোর দিন যদি লকডাউন না তোলা হয় তবুও বিজেপি কর্মীরা অনুষ্ঠান পালন করবেন বলে জানিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ।

إرسال تعليق
Thank You for your important feedback