পরপর দুদিন ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৬০,০০০ ছাড়াল

 
টানা দুদিন ভারতে করোনা সংক্রমণ রেকর্ড গড়ল। পরপর দুদিন ভারতে নতুন করে সংক্রমিতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে গেল। ফলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে, শনিবার সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৮৮ হাজার ৬১১ জন। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ হাজার ৫৩৭ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৯৩৩ জনের। ফলে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২,৫১৮। মৃত্যুহার মাত্র ২.০৩ শতাংশ। পাশাপাশি সুস্থতার হারও বেশ আশাপ্রদ বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। গত ২৪ ঘন্টায় দেশজুড়ে ৪৮ হাজার ৯০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সবমিলিয়ে ১৪ লাখ ২৭ হাজার ০০৫ জন করোনা মুক্ত হয়েছেন এখনও পর্যন্ত। ভারতে সুস্থতার হার ৬৮.৩২ শতাংশ। ভারতে বর্তমানে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৬ লাখ ১৯ হাজার ০৮৮ জন।

দেশে করোনা আক্রান্তের নিরীখে এখনও পর্যন্ত শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৭৭৯ জন। মৃত্যু হয়েছে ১৬ হাজার ৭৯২ জনের। যদিও উদ্ধব ঠাকরের রাজ্যে করোনা মুক্ত হয়েছেন তিন লাখের বেশি মানুষ। তবে রাজধানী দিল্লিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণের রাজ্য তামিলনাড়ু। এই রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭৯ হাজার ১৪৪ জন। মৃত্যু হয়েছে ৪,৫৭১ জনের। এরপরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, দিল্লি।
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের ৭ আগস্ট জারি করা বুলেটিন অনুযায়ী রাজ্যে মোট করোনা আক্রন্তের সংখ্যা ৮৯ হাজার ৬৬৬ জন। তবে সুস্থতার হারও এই রাজ্যে বেশ ভালো। এখনও পর্যন্ত ৬৩ হাজার ০৬০ জন করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন এই রাজ্যে। গত ২৪ ঘন্টায় ১,৯৫৪ জন করোনা মুক্ত হয়েছেন। সুস্থতার হার ৭০.৩৩ শতাংশ। বর্তমানে পশ্চিমবঙ্গে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ২৪ হাজার ৬৫২ জন। ৭ আগস্টের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে ৫২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা ১,৯৫৪। ওই দিন পর্যন্ত রাজ্যে মোট ১০ লাখ ৫৪ হাজার ৫০৯ জনের করোনা পরীক্ষা হয়েছে বলেই জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم