নিজের জমিতেই ১১,০০০ ভোল্টের বৈদ্যুতিক তারে ঝলসে গেলেন কৃষক



প্রতিদিনের মতোই বৃহস্পতিবার নিজের জমিতে চাষ করার জন্য বাড়ি থেকে বের হন দুবরাজপুরের এক কৃষক। কিন্তু তাঁর আর বাড়ি ফেরা হল না। নিজের জমিতেই বৈদ্যুতিক তারে ঝলসে প্রাণ হারালেন ফটিক বাউরি নামে ওই কৃষক। তাঁর বাড়ি বীরভূমের দুবরাজপুর থানার বালিঝুরি পঞ্চায়েতের কুমার বুনধরা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত কৃষকের জমিতে হাই টেনশন বিদ্যুতের তার ছিঁড়ে ঝুলছিল। ১১,০০০ ভোল্টের হাইটেনশন তারটি তিনি দেখতে পাননি। ফলে ওই তারের সংস্পর্শে আসাতেই ঝলসে যান ফটিক বাউরি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বিকট আওয়াজ পেয়েই আশেপাশের কৃষকরা ছুটে আসেন। তাঁরাই ওই তারটি ঝুলতে দেখে খবর দেন খয়রাশোলের বিদ্যুৎ অফিসে। শেষ পর্যন্ত ওই হাইটেনশন লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেহ উদ্ধার করে পুলিশ ও বিদ্যুৎ দফতরের কর্মীরা। এরপরই গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে খয়রাসোল দুবরাজপুর রাস্তা অবরোধ করেন। পরে পুলিশের উদ্যোগে অবরোধ ওঠে। গ্রামবাসীদের অভিযোগ, বিদ্যুৎ দফতরের গাফিলতিতেই প্রাণ গেল ওই কৃষকের। দীর্ঘদিন গ্রামের প্রায় সমস্ত জমির উপর দিয়ে এইরকম বিপজ্জনকভাবে হাইটেনশনের লাইন গেছে। বারবার বলা সত্ত্বেও ইলেকট্রিক অফিসের কর্মীরা গুরুত্ব দেয়নি। তার খেসারত দিতে হল ফটিক বাউরিকে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুবরাজপুরে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم