কোঝিকোর বিমান দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কলকাতায় বিশেষ ‘যন্ত্র-গাড়ি’


কেরলের কোঝিকোর বিমানবন্দরে দুর্ঘটনার মুখে পড়েছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বোয়িং ৭৩৭ বিমান। এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে দ্রুত ব্যবস্থা নিতে চলেছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। কোনও বিমান যদি দুর্ঘটনার মুখে পড়ে তবে দ্রুত উদ্ধার কাজ শুরু করতে আসছে মোবাইল কম্যান্ড পোস্ট (MCP)। কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এটি মূলত একটি গাড়ি, যাতে বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রপাতি বসানো থাকে। আধুনিক ব্যবস্থায় সজ্জিত এই গাড়ি দ্রুত ঘটনাস্থলের সামনে পৌঁছে গিয়ে উদ্ধারকারী দলের সঙ্গে সমন্বয় গঠন করতে পারবে। আপদকালীন পরিস্থিতিতে যাতে সমন্বয়ের অভাব যাতে না ঘটে সেই কারণে তৈরি বিভিন্ন প্রযুক্তি নির্ভর এই আধুনিক গাড়িটি। এটাকেই বলা হচ্ছে মোবাইল কম্যান্ড পোস্ট। সূত্রের খবর, এই বিশেষ গাড়িতে থাকে আধুনিক ক্যামেরা, গাড়ির বাইরে থাকে একটি প্রজেক্টর। এই ক্যামেরার ছবি সরাসরি প্রোজেক্টারে দেখানো যাবে, পাঠিয়ে দেওয়া যাবে উদ্ধারকারী দলগুলির আধিকারিকদের কাছে। এই গাড়িতে ৮ জনের বসার ব্যবস্থাও রয়েছে। পাশাপাশি উদ্ধারকারী দলের সঙ্গে থাকা ক্যামেরার ছবি সরাসরি ধরা পড়বে এই গাড়িতে থাকা বিশেষ যন্ত্রে। ফলে সেই ছবি দেখে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারবেন কমান্ডিং অফিসাররা। ফলে এই আধুনিক গাড়ির সাহায্যে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

উল্লেখ্য, কোনও বিমান দুর্ঘটনাগ্রস্থ হলে কয়েকটি ব্যবস্থা নেওয়া হয় দ্রুততার সঙ্গে। যেমন দুর্ঘটনাস্থলে চালু করা হয় সারভাইভার্স রিসেপশন সেন্টার (SRC)। এর সঙ্গেই ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার (CMC) খোলা হয়। বিমানবন্দরের এয়ারপোর্ট অপারেশন কন্ট্রোল সেন্টারের (AOCC) সাময়িকভাবে কাজ শুরু করে। এই সমস্ত আপাৎকালীন বিভাগগুলির মধ্যে গ্রাউন্ড জিরো থেকে সমন্বয় সাধন করতেই এই মোবাইল কমান্ড পোস্ট খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। বিমান দুর্ঘটনাস্থলের মাত্র ৯০ মিটারের মধ্যেই কাজ করতে পারে এই বিশেষ গাড়িটি। সূত্রের খবর, গত এপ্রিলেই কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছায় একটি মোবাইল কমান্ড পোস্ট। যেটি এতদিন ব্যবহার করার মতো অবস্থায় আনা হয়নি। কিন্তু কোঝিকোরের বিমান দুর্ঘটনার পরই টনক নড়ে কর্তৃপক্ষের। এবার প্রায় ৪৬ লাখ টাকা মূল্যের এই বিশেষ গাড়িটি ব্যবহারের উপযোগী করে তুলতে উদ্যোগী হয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم