গভীর কোমায় প্রণব, মৃত্যুর জল্পনা ওড়ালেন ছেলে


গভীর কোমায় আচ্ছন্ন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার দিল্লির সেনা হাসপাতাল সূত্রে বলা হয়েছে, তাঁর অবস্থা অপরিবর্তিত। তিনি কোমায় থাকলেও তাঁর অন্য শারীরিক অবস্থা স্থিতিশীল। এখনও তিনি ভেন্টিলেশনে রয়েছেন। ৮৪ বছরের প্রণববাবু মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে সেনা হাসাপাতালে ভর্তি। তাঁর করোনাও ধরা পড়েছে। অন্যদিকে, বুধবার রাত থেকে সোশাল মিডিয়ায় জল্পনা শুরু হয়ে যায় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যু হয়েছে। বিভিন্ন সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে সেটা ট্রেন্ড হতে থাকে। ফলে অনেকেই যেমন শোক প্রকাশ করেন, আবার অনেকে গভীর উদ্বেগ প্রকাশ করে এই খবরকে ভিত্তিহীন দাবি করতে থাকেন। বৃহস্পতিবার সকালেই এই জল্পনার অবসান ঘটনালেন প্রণববাবুর ছেলে তথা কংগ্রেসের প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়। তিনি একটি টুইট বার্তায় জানান, ‘আমার বাবা শ্রী প্রণব মুখোপাধ্যায় এখনও জীবিত আছেন। এবং হেমোডাইনামিক্যালভাবে স্থিতিশীল আছেন (অর্থাৎ প্রণবাবুর হৃদযন্ত্রের কাজ, রক্তচাপ এবং শরীরে রক্ত সঞ্চালন স্থিতিশীল আছে)। স্বনামধন্য সাংবাদিকরা যেভাবে সোশাল মিডিয়ায় গুজব ও ভুয়ো ছড়াচ্ছেন, তা থেকেই স্পষ্ট যে ভারতে ভুয়ো খবরের কারখানায় পরিণত হয়েছে মিডিয়া’। একইরকমের বার্তা দিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতির মেয়ে শর্মিষ্ঠাও। পাশাপাশি দিল্লির সেনা হাসপাতালও জানিয়ে দিয়েছে, প্রণববাবুর অবস্থা স্থিতিশীল। তবে তিনি এখনও সঙ্কটজনক অবস্থাতেই রয়েছেন। বর্তমানে তাঁর রক্তচাপ, শরীরে রক্ত সঞ্চালন ও হৃদযন্ত্রের কাজ স্থিতিশীল রয়েছে। আপাতত ভেন্টিলেশনে তাঁকে ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم