
বলিউডে ফের খারাপ খবর। এবার ফুসফুসের ক্যান্সারে (Aggressive Lung Cancer) আক্রান্ত হলেন হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। শীঘ্রই তাঁকে মার্কিন মুলুকে নিয়ে যাওয়া হবে চিকিৎসার জন্য। জানা গিয়েছে, কয়েকদিন আগেই তিনি তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন। তখনই তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়। তখনই তাঁর করোনা ভাইরাসের পরীক্ষা করানো হয়। কিন্তু রিপোর্ট নেগেটিভ আসে। ফলে সোমবারই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। পরে অন্যান্য শারীরিক পরীক্ষার রিপোর্ট এলে চিকিৎসকরা জানতে পারেন বলিউডের সুপারস্টার ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। সদ্য ৬১ বছরে পদার্পণ করেছেন বলিউডের মুন্নাভাই। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, তিনি স্টেজ-থ্রি লাং ক্যান্সারে ভুগছেন। এই কারণেই শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর।
— Sanjay Dutt (@duttsanjay) August 11, 2020
উল্লেখ্য, বলিউড সুপারস্টারের স্ত্রী মান্যতা ও দুই সন্তান বর্তমানে দুবাইতে আটকে রয়েছেন লকডাউনের জেরে। আন্তর্জাতিক উড়ান বন্ধ থাকায় প্রায় তিনমাসের ওপর তাঁরা মুম্বই ফিরতে পারেননি। এই পরিস্থিতিতে স্বামীর ক্যন্সারের খবর পেয়েছেন মান্যতা। মঙ্গলবার টুইট করে নিজের অসুস্থতার খবর দিয়েছেন সঞ্জয় দত্ত। টুইটারে তিনি লেখেন, প্রিয় বন্ধুরা, ‘আমি কিছুদিনের জন্য কাজ থেকে বিরতি নিচ্ছি চিকিৎসার জন্য। আমার পরিবার আমার সঙ্গে রয়েছে। সবাইকে বলব, অহেতুক চিন্তা করবেন না, কোনও স্পেকুলেশনকেও গুরুত্ব দেবেন না। শীঘ্রই দেখা হবে’। উল্লেখ্য, আগামী ২৮ আগস্ট ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে তাঁর অভিনীত সিনেমা ‘সড়ক-২’। তাঁর আগেই এই দু:সংবাদ সঞ্জয় দত্তের ফ্যানদের মন খারাপের কারণ হয়ে দাঁড়াল। তবে পরিবার সূত্রে জানা যাচ্ছে চিকিৎসার জন্য দ্রুতই তাঁকে আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে।
إرسال تعليق
Thank You for your important feedback