৫৯,০০০ কেজির যন্ত্রপাতি নিয়ে কলকাতায় অবতরণ করে দৈত্যাকায় বিমান

কলকাতার রানওয়ে ছুঁয়েছিল বিশ্বের বৃহত্তম অসামরিক পণ্যবাহী বিমান। অসমের তৈলখনি বিপর্যয়ের মোকাবিলার কিছু বিশেষ যন্ত্রপাতি (Payload of snubbing equipment) নিয়ে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে গত বুধবার। মোট ৫৯ হাজার কেজির যন্ত্রপাতি নিয়ে দৈত্যাকায় বিমানটি কলকাতায় নামে। রাশিয়ায় তৈরি আন্তলোভ এএন-১২৪ (Antonov AN-124) বিমানটিকেই বিশ্বের বৃহত্তম বিমান বলে দাবি করে উৎপাদনকারী সংস্থা।  উল্লেখ্য, গত ৯ জুন থেকে আগুন জ্বলছে অসমের বাঘজান-৫ তৈলখনিতে (Baghjan well-৫)। এক দুর্ঘটনার পর আগুন লেগে যায় ওই তৈলখনিতে। সেই আগুন নেভানোর জন্যই একটি বিশাল আকৃতির হাইড্রোলিক খননযন্ত্র আনা হয়েছে কানাডা থেকে। সেই সঙ্গে এসেছে আনুষঙ্গিক যন্ত্রপাতি। সব মিলিয়ে যাদের ওজন ৫৯,০০০ কেলোগ্রাম। কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, অসমের দুটি বিমানবন্দরে এই বিশালাকায় বিমানটি নামানো সম্ভব ছিল না। কারণ এই বিমান ছোটার জন্য লম্বা রানওয়ে লাগে। যা গুয়াহাটির গোপীনাথ বরদলুই আন্তর্জাতিক বিমানবন্দরে এবং ডিব্রুগড় মোহনবাড়ি বিমানবন্দরে নেই। তাই বিমানটি কলকাতায় নামানোর ব্যবস্থা করা হয়। সেইমতো গত বুধবার (২১ অক্টোবর) কলকাতা বিমানবন্দরে নামে আন্তলোভ এএন-১২৪ বিমানটি। এরপরই দ্রুত যন্ত্রপাতি খালি করিয়ে অসমের বাঘজান-৫ তৈলখনির উদ্দেশে সড়কপথেই পাঠিয়ে দেওয়া হয়। সূত্রের খবর, সড়কপথে ১৪ দিনে পৌছাবে যন্ত্রগুলি। উল্লেখ্য, পূর্ব ভারতে বিমান যোগাযোগের অন্যতম গেটওয়ে হিসেবে কলকাতা বিমানবন্দরের গুরুত্ব দিন দিন বাড়ছে। সেইমতো পরিকাঠামোও বাড়নো হচ্ছে। এবার বিশালাকায় এই পণ্যবাহী বিমান অবতরণ করায় কলকাতার মুকুটে আরও একটি পালক যুক্ত হল।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم