পাহাড়ে উত্তেজনার মাঝেই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন জিটিএ প্রধান বিনয় তামাং। প্রায় আধ ঘণ্টা ধরে চলে বৈঠক। বৈঠক সেরে বের হয়েই অবশ্য বিনয় তামাংয়ের হুঙ্কার ‘কে বিমল গুরুং? কেন তাঁকে এত গুরুত্ব দিচ্ছেন?’ পাশাপাশি পাহাড় নিয়ে এদিনের বৈঠক যথেষ্টই সদর্থক হয়েছে বলে জানিয়েছেন জিটিএ প্রধান। তবে বৈঠকে ঠিক কী কী নিয়ে আলোচনা হযেছে সে বিষয়ে মুখ খোলেননি তিনি। তবে এদিন বিমল গুরুংয়ের পাহাড়ে যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে বিনয় তামাং বলেন, ‘বিমল গুরুংয়ের বাড়ি পাহাড়ে, তাই তিনি সেখানে যেতেই পারেন।
তবে গুরুংকে ‘ক্রিমিনাল’ বলে উল্লেখ করে বিনয় বলেন, ‘বিমলের বিরুদ্ধে ইউএপিএ ধারা সহ একাধিক ধারায় মামলা রয়েছে।তাই বিমল গুরুং ও রোশন গিরির চ্যাপ্টার ক্লোজ হোক’। এরপরই তাঁর বক্তব্য, ‘বিমল গুরুং সিলেবাসের বাইরে রয়েছে। আমরা এই মুহূর্তে তাঁকে নিয়ে কিছু ভাবছি না। পাহাড়ে শান্তি বজায় রাখার বিষয়ে আমরা আলোচনা করব। সামান্য কয়েকজন রয়েছেন যাঁরা গুরংকে সমর্থন করেন’। এমনকী পাহাড়ে বিমলের মিছিলকেও পাত্তা দিতে নারাজ বিনয়।
তবে গুরুং-রোশন গিরিদের সঙ্গে যে কোনও রাজনৈতিক মঞ্চ ভাগাভাগি করবেন না সেটাও স্পষ্ট করেছেন জিটিএ প্রধান। তাঁর কথায়, ওরা পাহাড়ে এলেই আবার অশান্তি হতে পারে। আমরা কেবল পাহাড়ে শান্তি প্রক্রিয়ার দিকে নজর রাখছি। উল্লেখ্য, ৩ বছর আত্মগোপন থাকার পরে অক্টোবরের ২১ তারিখ নাটকীয়ভাবে কলকাতায় দেখা যায় বিমল গুরুংকে। এরপরই দার্জিলিংয়ে ক্রমশ রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকে। জিটিএ প্রধানের বক্তব্যে অবশ্য পরিষ্কার উত্তাপ এখনই কমার কোনও লক্ষণ নেই।


إرسال تعليق
Thank You for your important feedback