চাক্কা চালু, সাড়ে সাতমাস পর গড়াল লোকাল ট্রেনের চাকা, ফিরল চেনা ভিড়

করোনা আতঙ্ক কাটিয়ে দীর্ঘ সাড়ে সাতমাস পর অবশেষে চালু হল লোকাল ট্রেন। কড়া নজরদারির মধ্যেই চলাচল করছে হাওড়া ও শিয়ালদা ডিভিশনের ট্রেন। চালু হতেই সেই পরিচিত দৃশ্য দেখা গেল শিয়ালদা ও হাওড়া সহ বিভিন্ন স্টেশনে। বিভিন্ন টিকিট কাউন্টারে দেখা গিয়েছে যাত্রীদের লম্বা লাইন। তবে শিয়ালদা ও হাওড়ায় লাইন অনেক বেশি। করোনা সুরক্ষাবিধির কথা মাথায় রেখে রাজ্য ও রেল প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে প্রায় প্রত্যেক স্টেশনে। অধিকাংশ জায়গায় যাত্রীরাও সুরক্ষাবিধি মেনে চলছেন। গোটা প্রক্রিয়ায় কড়া নজরদারি চালাচ্ছে রেল পুলিশ এবং রাজ্য প্রশাসন। তবে শহরতলির স্টেশনগুলিতে সেভাবে নজরদারি চোখে পড়ছে না। তবে দীর্ঘদিন পর ফের লোকাল ট্রেন চালু হওয়ায় খুশি নিত্যযাত্রীরা। 
 

ভোররাতে হাওড়া ও শিয়ালদা থেকে ছাড়ে প্রথম লোকাল ট্রেনটি। যদিও সেই ট্রেনগুলিতে ছিল হাতে গোনা কয়েকজন যাত্রী। কিন্তু বেলা গড়াতেই সেই চেনা ভিড় দেখা মিলল রাজ্যের দুই ব্যস্ততম রেল স্টেশনে। করোনা আবহে একেবারে অন্য আঙ্গিকে চালু হল লোকাল ট্রেন। সকাল ৮.৩০ মিনিট, অফিস টাইমের প্রথম ডাউন নৈহাটি লোকাল, আরপিএফ এবং রেল পুলিশের তত্ত্বাবধানে ট্রেনের কামরায় যাত্রীদের বসানো হয় কোভিড বিধি মেনেই। তিন জনের সিটে দুজন, মাঝের সিটটি ফাঁকা রেখে। 

 


অফিস টাইমে লোকাল ট্রেন চলাচলের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আপাতত কোনও গ্যালোপিং ট্রেন নেই। সমস্ত স্টেশনেই ট্রেন দাঁড়াবে বলে জানিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে লেডিস স্পেশাল ট্রেন না দেওয়ায় মহিলা যাত্রীদের ক্ষোভ তৈরি হয়েছে। অনেকেই লোডিস স্পেশাল ট্রেন পুনরায় চালু করার দাবি জানিয়েছেন। 



Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم