ফের ধুন্ধুমার শহরের রাজপথ। এবারও বিজেপির যুব মোর্চার মিছিল আটকে দিল পুলিশ। যার জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল সেন্ট্রাল অ্যাভিনিউ। বুধবার রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে বুধবার প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল বিজেপির যুব মোর্চা। এদিন দুপুরে বিজেপির সদর দফতর থেকে মিছিল শুরু হয়, যাওয়ার কথা ছিল গান্ধিমূর্তির পাদদেশ পর্যন্ত। কিন্তু সেন্ট্রাল অ্যাভেনিউতে রাস্তার ওপরেই ব্যারিকেড করে রাস্তা আটকায় পুলিশ।
এরপরই বেধে যায় ধুন্ধুমার কাণ্ড। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন যুব মোর্চার সদস্যরা। পথ আটকায় পুলিশ। ফলে পুলিশের সঙ্গে মিছিলকারীদের ধস্তাধস্তি বেধে যায়। রাস্তার ওপর শুয়ে পড়ে যুব মোর্চার সদস্যরা প্রতিবাদ দেখাতে থাকে। এই সময়ই যুব মোর্চার কর্মীদের টেনে হিঁচড়ে পুলিশের ভ্যানে তোলার অভিযোগ ওঠে। এমনকি মহিলা কর্মীদের ওপরও লাঞ্ছনা হয়েছে বলে অভিযোগ ওঠে।
বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ রিমঝিম মিত্র এবং কাঞ্চনা মৈত্রকেও হেনস্থা করে পুলিশ। কাঞ্চনার শাড়ি ধরেও টান মারা হয়েছে বলে দাবি করেন তিনি। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই রিমঝিম সহ বেশ কয়েকজন যুব মোর্চার কর্মীকে আটক করে পুলিশ। প্রায় ঘন্টাখানেক পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এই ঘটনায় দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে কলকাতার ব্যস্ততম রাস্তা সেন্ট্রাল অ্যাভেনিউ। ফলে চরম সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। বিজেপি নেত্রী তথা অভিনেত্রী রিমঝিম মিত্রের দাবি, নিতান্ত শান্তিপূর্ণ মিছিলও আটকাচ্ছে পুলিশ। এরজন্য সাধারণ মানুষকে অসুবিধায় পড়তে হল।



إرسال تعليق
Thank You for your important feedback