শেষ দফার ভোট শুরু বিহারে

তৃতীয় শেষ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে বিহারে। এই পর্বে ১৫টি জেলার ৭৮টি আসনে ভোট হচ্ছে। ফলের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দফা। এবারের পর্বে মিথিলাঞ্চল, সীমাঞ্চল আর কোশি অঞ্চল ভোট দিচ্ছে। সরকার কে গড়বে, তা ঠিক হয়ে যাবে শনিবারই। এনডিএ-র পক্ষে জেডি (ইউ) দিয়েছে ৩৭ প্রার্থী, বিজেপি ৩৫, বিকাশশীল ইনসান পার্টি ৫ আর হিন্দুস্তান আওয়াম মোর্চা ১ জন। প্রতিদ্বন্দ্বী মহাগঠনবন্ধনের হয়ে লড়ছেন রাষ্ট্রীয় জনতা দলের ৪৬, কংগ্রেসের ২৫, সিপিআই-এমএল (লিবারেশন)-এর ৫ এবং সিপিআইয়ের ২ জন। এছাড়াও লোকজনশক্তি পার্টির প্রার্থী রয়েছেন ৪২ আসনে।

 

 এই ভোটে রাষ্ট্রীয় লোক সমতা পার্টি, এআইএমআইএম, পাপ্পু যাদবের জন অধিকার পার্টিও লড়াই করছে। এবারের পর্বে মোট ভোটদাতা ২ কোটি ৩৪ লাখ। মোট প্রার্থী ১২০৪ জন। সীমাঞ্চলে এমআইএম প্রার্থী দেওয়ার ভোট কাটাকাটি হতে পারে বলে অনেকের ধারণা। গতবারের বিধানসভা নির্বাচনে জেডি (ইউ) জিতেছিল ২৪টি আসন। তখন তারা ছিল লালু যাদবের দলের সঙ্গে। 

 

এবার নীতীশ বিজেপির হাত ধরেছেন। সেবার বিজেপি জিতেছিল ১৯টি আসনে। আরজেডি ২০ আর কংগ্রেস ১০টি আসনে। আরজেডির তেজস্বী যাদব বলেছেন, গঙ্গা, গণ্ডক, কোশী নদী দিয়ে এখন পরিবর্তনের ঢেউ বইছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিপুল পরিমাণে ভোট দেওয়ার জন্য শনিবার সকালেই আবেদন করেছেন। তিনি বিহারে সবমিলিয়ে ১২টি জনসভা করেছেন।
 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم