মঙ্গলবার সকাল থেকেই তুষারপাত হচ্ছে কেদারনাথে। বিগত কয়েকদিন ধরেই আবহাওয়ার পরিবর্তন হচ্ছিল উত্তরাখণ্ডের কেদারনাথে। এদিন সকাল থেকেই প্রবল তুষারপাতের ফলে সাদা বরফের চাদরে মুড়েছে মন্দির। এটি মরশুমের দ্বিতীয় তুষারপাত। ফলে কেদারনাথ ধামের এই অপরূপ দৃশ্য দেখতে প্রবল শীত উপেক্ষা করেও প্রচুর ভক্ত উপস্থিত হয়েছেন এদিন। শীতের তীব্রতায় কেদারনাথ মন্দির ও আশেপাশের সমস্ত নালা এবং ড্রেনগুলি জমে গিয়েছে।
বাড়ির ছাদ সহ অনেক জায়গায় বরফের পুরু আস্তরণ পড়ে গিয়েছে ইতিমধ্যেই। এর কারণে তীর্থযাত্রীরাও সমস্যায় পড়ছেন। তবুও ভাঁটা নেই উৎসাহে। ভাতৃদ্বিতীয়া উৎসবের পরই ১৬ নভেম্বর কেদারনাথ ধামের দরজা বন্ধ হয়ে যাবে। তার আগে এখানে বিপুল সংখ্যক ভক্ত আসছেন কেদারনাথকে দর্শন করতে। কেদারনাথ ছাড়াও মদনেশ্বর, তুঙ্গনাথ এবং কালিশিলার পাহাড়ে তুষারপাত হয়েছে সোমবার রাত থেকেই। একই সঙ্গে পঞ্চচুলি, রাজারম্ভ, হাসলিং, নন্দাদেবী, নাগনি ধুরা সহ আশেপাশের উঁচু শৃঙ্ঘগুলিতে বৃষ্টিপাত এবং তুষারপাত হয়েছে।
এদিন মুসৌরিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি। উত্তরাখণ্ড সহ হিমাচলের উঁচু এলাকাগুলিতে ইতিমধ্যেই প্রবল তুষারপাতের খবর পাওয়া যাচ্ছে। হিমাচলের লাহুল-স্ফিতি এলাকাতেও ভারী তুষারপাতের জন্য ইতিমধ্যেই প্রায় বিচ্ছিন্ন হয়েছে বহু এলাকা।



إرسال تعليق
Thank You for your important feedback