রাজ্যে ব্যাপক প্রশাসনিক রদবদল, বদলি সাত জেলাশাসক

বিধানসভা ভোটের আর মাত্র কয়েকমাস বাকি। এর আগেই রাজ্য প্রশাসনে ব্যাপক রদবদল করল নবান্ন। সোমবারই নবান্ন থেকে এক বিজ্ঞপ্তি জারি করে সাতটি জেলার জেলাশাসককে বদলির নির্দেশ দিল রাজ্য সরকার। সাতটি জেলা হল উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর জলপাইগুড়ি ও দার্জিলিং। তবে উল্লেখযোগ্য বিষয় হল দার্জিলিংয়ের জেলাশাসকের বদলি। কারণ সোমবারই রাজ্যপাল দার্জিলিং পৌঁছেছেন, সেখানেই একমাস থাকবেন। সোমবার দার্জিলিং পৌঁছেই তিনি এই জেলার জেলাশাসক এস পুলমবালম এবং পুলিশ সুপার ডাঃ সন্তোষ নিম্বলকরকে রাজভবনে ডেকে পাঠান। 

 

দুজনেই রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন। এরপর রাতেই জেলাশাসক এস পুলমবালমকে বদলি করল নবান্ন। তাঁকে জমি ও ভূমি সংস্কার ও শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন দফতরের যুগ্মসচিব পদে বদলি করা হয়েছে। ফলে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে। দার্জিলিংয়ের নতুন জেলাশাসক হলেন শশাঙ্ক শেঠি। অপরদিকে পূর্ব বর্ধমানের জেলাশাসক ডাঃ‌ বিজয় ভারতীকে বীরভূম জেলায় পাঠানো হয়েছে। বীরভূমের বর্তমান জেলাশাসক মৌমিতা গোদারা বসুকে পাঠানো হল জলপাইগুড়িতে। জলপাইগুড়ির জেলাশাসক অভিষেক কুমারকে উচ্চশিক্ষা দফতরের যুগ্মসচিব করা হয়েছে। 

 


নদিয়ার জেলাশাসক ছিলেন বিভু গোয়েল, তাঁকে দায়িত্ব দেওয়া হল পূর্ব মেদিনীপুরের। আর এই নদিয়ার দায়িত্ব পেলেন পূর্ব মেদিনীপুরের আগের জেলাশাসক পার্থ ঘোষ। উত্তর ২৪ পরগনার নতুন জেলাশাসক হলেন সুমিত গুপ্ত। আর এই জেলার বর্তমান জেলাশাসক চৈতালি চক্রবর্তীকে আনা হল স্বরাষ্ট্রদফতরের বিশেষ সচিব পদে। সুমিত গুপ্ত আগে রাজ্য সরকারের শিল্প উন্নয়ন নিগমের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে ছিলেন। অন্যদিকে উচ্চশিক্ষা দফতরের যুগ্ম সেক্রেটারি পদে নিয়ে আসা হয়েছে অভিষেক তিওয়ারিকে। এর পাশাপাশি বিভিন্ন আমলাদের পদেও কিছু রদবদল করা হয়েছে এদিন। যদিও নবান্ন সূত্রে বলা হয়েছে এটা রুটিন রদবদল। তবুও রাজনৈতিক মহলে এই আচমকা রদবদল নিয়ে জল্পনা শুরু হয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم