একই পরিবারের পাঁচজনের রহস্যমৃত্যু। আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের তপন থানা এলাকার দক্ষিণ জামালপুরে। মৃতদের নাম উলো বালা বর্মন (৬০), তাঁর ছেলে অনু বর্মন (৩৮), অনুর স্ত্রী মল্লিকা বর্মন (২৯) এবং অনুর দুই মেয়ে বিউটি (১১) ও স্নিগ্ধা (৮)। পরিবার সূত্রের খবর, শনিবার অনু বর্মনের জমিতে ধান কাটার কাজ শেষ হওয়া পরে একটা খাওয়া-দাওয়ার অনুষ্ঠান ছিল। ফলে পারিবারিক অনুষ্ঠানের জন্য পরিবারের অনেকেই উপস্থিত ছিলেন। রবিবার সকালেই ওই পরিবারে শোকের ছায়া নেমে আসে।

তদন্তে তপন থানার পুলিশ
সকালেই প্রথমে অনুর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের অন্যান্য সদস্যরা। এরপরই ঘরের ভিতর অনুর মা উলো বালাদেবী, স্ত্রী মল্লিকা ও দুই মেয়ে বিউটি ও স্নিগ্ধার ক্ষতবিক্ষত দেহের খোঁজ মেলে। এরপরই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ জামালপুর এলাকায়। প্রতিবেশী এবং স্থানীয় বাসিন্দারা ভিড় জমান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসে তপন থানার পুলিশ। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তবে এটি খুন নাকি আত্মহত্যার ঘটনা সেটা নিয়ে ধন্ধ রয়েছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা হিসেবে সাজানো হলেও এটি খুনের ঘটনা। সম্ভবত জমিজমা সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন। তবে প্রাথমিকভাবে ময়নাতদন্তের আগে কিছু বলা সম্ভব নয় বলেই জানিয়েছেন পুলিশ কর্তারা। ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞরা যাচ্ছেন। পুরো ঘটনা নিয়ে পরিবারের লোকেরা মুখে কুলুপ এটেছেন। গোটা বাড়ি ঘিরে রেখেছে তপন থানার পুলিশ। পাশাপাশি আত্মীয়-পরিজনদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

إرسال تعليق
Thank You for your important feedback