
বুধবার মুখ্যমন্ত্রীর ডাকে নবান্নের সভাগৃহে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক হবে। এই বৈঠকে রাজ্যের সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের ডাকা হয়েছে। কিন্তু তার আগেই মঙ্গলবার দলীয় নেতৃত্বকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমফানে বিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলি নিয়ে দলীয় নেতাদের স্বজনপোষণ নিয়ে কড়া মনোভাব নিলেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর-২ নম্বর ব্লকের এক তৃণমূল পঞ্চায়েত সদস্যকে বহিস্কার করলেন তিনি। ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগে ওই নেতাকে প্রকাশ্যেই কান ধরে ওঠবোস করান ক্ষুব্ধ গ্রামবাসীরা। মঙ্গলবার বিকেলেই দূর্ণীতিতে অভিযুক্ত নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েত সদস্য স্বপনকুমার ঘাটুকে বহিষ্কারের কথা জানিয়ে দেয় শাসকদলের শীর্ষ নেতৃত্ব। এর আগে একই অভিযোগে হুগলি জেলার এক গ্রাম পঞ্চায়েত প্রধানকেও বহিস্কার করেছিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এছাড়া ত্রাণ নিয়ে বেনিয়মের জেরে রাজ্যের পাঁচ বিডিও-কেও শোকজ করেছিল প্রশাসন। রাজনৈতিক মহলের অভিমত, রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক হলেও বুধবার শাসকদলের দূর্ণীতি ও স্বজনপোষণ নিয়ে সরব হতে পারেন বিরোধী নেতারা। তার আগেই কড়া বার্তা দিয়ে কিছুটা ড্যামেজ কন্ট্রোল করে রাখলেন মুখ্যমন্ত্রী।
Post a Comment
Thank You for your important feedback