
নিজের ছ’বছরের কন্যাসন্তানকে লাগাতার যৌন নির্যাতন করতেন বাবা। এই অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার বোগ্রাম এলাকার রায়পাড়ায়। ওই শিশুর বয়ানের ভিত্তিতেই পুলিশ গ্রেফতার করেছে বাবাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম বাদল রায়, পেশায় রাজমিস্ত্রী। শিশুকন্যাটি প্রথম শ্রেণীতে পড়ে। বুধবার বিকেলে ওই শিশুটিকে কাঁদতে দেখে প্রতিবেশীরা এগিয়ে আসেন। তাঁদের কাছেই শিশুটি সব খুলে বলে। তখন শিশুটির মা না থাকায় পিসিকে ডাকা হয়। তিনি এসে সব শুনে থানায় ফোন করেন। খবর পেয়ে ছুটে আসেন কমলাবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত দাস। তিনিও পুলিশকে ফোন করে দ্রুত এলাকায় আসতে অনুরোধ করেন। পরে পঞ্চায়েতের প্রধান প্রশান্ত দাস বলেন, ‘শিশুটি আমাদের সামনেই এই অভিযোগ করেছে। পুলিশকে বলেছি উপযুক্ত ব্যবস্থা নিতে’। শিশুটিও জানায় কিভাবে প্রতিরাতেই বাবা তাঁর ওপর অত্যাচার করত। এমনকি এসব কথা কাউকে জানালে মারধোরের ভয়ও দেখাতেন বলে দাবি শিশুটির। কিন্তু এখন আর সহ্য করতে না পেরেই কান্নায় ভেঙে পড়ে সে। এরপরই প্রতিবেশীদের নজরে আসায় ঘটনাটি জানাজানি হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত বাদল রায়কে আটক করে থানায় নিয়ে যায়। যদিও অভিযুক্ত বাবা বাদল রায় দাবি করেন, ‘মিথ্যা অভিযোগ। আমাকে ফাঁসানো হয়েছে। অভিযোগ সত্যি হলে ফাঁসি দেওয়া হোক আমাকে’। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

Post a Comment
Thank You for your important feedback