গণধর্ষণ করে খুনের অভিযোগ, উত্তপ্ত চোপড়ায় গ্যাস, লাঠি, বাসে আগুন


বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ এক ছাত্রীকে গণধর্ষণ করে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগে উত্তপ্ত উত্তর দিনাজপুরের চোপড়া। পুলিশ জানিয়েছে, মৃতা ওই ছাত্রীর নাম মাম্পি সিংহ। দোষীদের গ্রেফতারের দাবিতে ক্ষিপ্ত গ্রামবাসীরা ৩১ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। উত্তেজিত জনতাকে আয়ত্তে আনতে দফায় দফায় লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ছুঁড়তে হয়েছে পুলিশকে। এরপর স্থানীয়েরা আগুন ধরিয়ে দেন কয়েকটি সরকারি বাসে। বিশাল পুলিশবাহিনী, র‌্যাফকে রীতিমতো নাজেহাল হতে হয়। ঘটনাটি ঘটেছে চোপড়া থানার সোনাপুর গ্রামপঞ্চায়েতের ছত্রাগছ এলাকায়। মৃতা কিশোরীর পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুস্কৃতীরা ওই কিশোরীকে ধর্ষণ করে বিষ খাইয়ে খুন করে ফেলে রেখে গিয়েছে। ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে স্থানীয় বাসিন্দারা চোপড়ায় ৩১ নম্বর জাতীয় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে পথ অবরোধ বিক্ষোভে শামিল হন গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দাদের দাবি ঘটনাস্থল থেকে দুস্কৃতীদের মোবাইল ফোন সাইকেল ও পরিচয়পত্র মিলেছে। পুলিশ কিশোরীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতার পরিবারের অভিযোগ, গতকাল রাতে কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে আসে দুষ্কৃতীরা। বিক্ষোভকারীদের দাবি, অভিযুক্তদের গ্রেফতার না করা পর্যন্ত ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ চলবে। মৃতার দাদা অভিযোগ করেছেন, তিনি একজন বিজেপি কর্মী। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর বোনকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বিষ খাইয়ে মেরে ফেলেছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post