
অশোকনগরের ১৯ নম্বর কাঁকপুল এলাকায় লকডাউনের মধ্যেই চলছিল এক রক্তদান শিবির। ২৮ জনের রক্তদান হয়েও যায়। এরমধ্যেই এক রক্তদাতার নজরে আসে যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে সেটাতে কোনও শিলমোহর নেই। এমনকি মেডিকেল অফিসার হিসেবে যিনি স্বাক্ষর করছেন তিনিও একেকটি সার্টিফিকেটে একেক নাম লিখছেন। এরপরই টনক নড়ে উদ্যোক্তাদের। এলাকাবাসীও জড়ো হয়ে যান সেখানে। তাঁরাই মেডিকেল অফিসার হিসেবে আসা ওই ব্যাক্তিকে আটক করে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান।

খবর যায় পুলিশেও। রক্ত সংগ্রহের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় অশোকনগর থানার পুলিশ এসে ওঁম নামে ওই রক্ত সংগ্রহকারী সংস্থার ৭ জনকে আটক করে থানায় নিয়ে যায়। পাশাপাশি লকডাউনের মধ্যেই পুলিশের অনুমতি না নিয়ে রক্তদান শিবির চালানোয় ২ জন উদ্যোক্তাকে আটক করে পুলিশ। জানা গিয়েছে দীর্ঘ জেরার পর কোনও পক্ষই প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি তাঁরা। ফলে রাতের দিকে ২ উদ্যোক্তা সহ ৯ জনকেই গ্রেফতার করেছে অশোকনগর থানার পুলিশ। শুক্রবারই তাঁদের বারাসত আদালতে তোলা হচ্ছে। ভুয়ো সংস্থার নামে এভাবে রক্ত সংগ্রহ করার চক্রের হদিশ এই প্রথম পেল পুলিশ। তাঁদের কাজকর্ম নিয়ে রীতিমতো চোখ কপালে উঠেছে পুলিশ কর্তাদের। ভুয়ো সংস্থার কর্মীদের জেরা করে পুলিশ জানার চেষ্টা করছে তাঁরা আরও কোন কোন এলাকা থেকে রক্ত সংগ্রহ করেছে। পাশাপাশি কোথায় এই রক্ত তাঁরা বিক্রি করতেন সেটাও জানার চেষ্টা করছে তদন্তকারীরা। এই ঘটনায় অশোকনগরে চাঞ্চল্য ছড়িয়েছে।

Post a Comment
Thank You for your important feedback