
এক বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল টালিগঞ্জের রানি ভবানি রোড এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যারানী দাস (৭৫) নামে ওই বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন। একমাত্র ছেলে কর্মসূত্রে আমেরিকায় থাকেন। বিগত কয়েকদিন ধরেই এলাকাবাসী একটা পচা গন্ধ পাচ্ছিলেন। রবিবার বিকেল থেকেই গন্ধটা প্রকট হতে খোঁজ শুরু করেন রানি ভবানি রোডের বাসিন্দারা। খোঁজ করতেই তাঁরা বুঝতে পারেন সন্ধ্যারানীদেবীর বাড়ি থেকেই আসছে কটু গন্ধ। খবর দেওয়া হয় টালিগঞ্জ থানায়। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢোকে। দেখা যায় বিছানাতেই পড়ে রযেছে বৃদ্ধার পচাগলা দেহ। পুলিশের অনুমান বেশ কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে বৃদ্ধার। কারণ তাঁর চামড়া কালো হয়ে খসে পড়তে শুরু করেছে ইতিমধ্যেই। তবে ঠিক কী কারণে বৃদ্ধার মৃত্যু হল সেটা নিয়ে ধন্ধে পুলিশ। এরপরই দেহটি ময়নাতদন্তে পাঠায় টালিগঞ্জ থানার পুলিশ। তবে প্রশ্ন উঠছে যদি বৃদ্ধার মৃত্যু হয় কয়েকদিন আগেই, তবে ছেলে কেন টের পেলেন না? তবে কী তিনি কোনও খোঁজই নিতেন না মায়ের? তিনি কেন আত্মীয় বা পড়শিদের ফোন করে মায়ের খোঁজ নিলেন না? পুলিশ কারণ জানতে ছেলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন।
Post a Comment
Thank You for your important feedback