আমিরশাহিতেই এবছরের আইপিএল, তবে শর্তসাপেক্ষে


চলতি বছরের আইপিএল নিয়ে ঘোর অনিশ্চিয়তা তৈরি হয়েছিল। বিশ্বব্যাপি করোনা মহামারীর জেরে আদৌ ক্রিকেটের এই মহাযজ্ঞ হবে কিনা সেটাই ছিল লাখ টাকার প্রশ্ন। এই পরিস্থিতিতে আইপিএল অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক বসে শুক্রবার। সেখানেই শর্তসাপেক্ষে সংযুক্ত আরব আমিরশাহিতেই আইপিএল-এর আয়োজনের অনুমোদন দেওয়া হয়েছে। দিনক্ষণও ঠিক করে ফেলেছে বিসিসিআই। চলতি বছরের অক্টোবর-নভেম্বরেই বসতে চলেছে আইপিএল-এর আসর। তবে একাধিক শর্ত থাকবে এবারের আইপিএল-এ। এর আগে বেশ কয়েকটি দেশে আইপিএল আয়োজন করার দাবি ভেসে উঠেছিল। কিন্তু শেষ পর্যন্ত আমিরশাহিকেই আপাতত বেছে নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ এই দেশে কোয়ারেন্টাইনের মেয়দ কিছুটা কম। এছাড়া এর আগেও আইপিএল-এর মতো মেগা ইভেন্ট আয়োজন করার অভিজ্ঞতা রয়েছে তাঁদের। তবে বেশ কয়েকটি শর্ত মিললেই হবে আইপিএল। যেমন
শর্ত এক- বিসিসিআই ধরেই নিচ্ছে এবারের টি-২০ ক্রিকেট বিশ্বকাপ বাতিল হচ্ছে। তাই আইপিএল-এর প্রথম শর্তই হল অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ বাতিল ঘোষণা করুক আইসিসি।
শর্ত দুই- আইসিসি টি-২০ বিশ্বকাপ স্থগিতের কথা জানালে সরকারি অনুমতির জন্য আবেদন করবে বিসিসিআই। সেক্ষেত্রে আইসিসি-র কাছে জানতে চাওয়া হবে ভারতে আইপিএল আয়োজন করা সম্ভব কিনা। আইসিসি রাজি না হলে আমিরশাহি হবে বিসিসিআই-এর প্রথম পছন্দ।
ফলে এখনও একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে ভারতে আইপিএল আয়োজনের। যদিও সেটার সুযোগ খুবই কম। পরিস্থিতি নাটকীয় পরিবর্তন না হলে আমিরশাহিতেই হবে এবারের আইপিএল।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post