বানচাল অমরনাথ হামলার ছক, কাশ্মীরে ২৪ ঘন্টায় খতম ৬ জঙ্গি


আবারও বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল করল ভারতীয় সেনা। গত ২৪ ঘন্টায় জম্মু-কাশ্মীরে ভারতের নিরাপত্তাবাহিনীর হাতে খতম হযেছে ছয়জন সন্ত্রাসবাদী। সেনা সূত্রে খবর, অমরনাথ যাত্রা বানচাল করতে হামলার ছক কষছিল জঙ্গিদল। সেই পরিকল্পনাই বানচাল করে দিল জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনার যৌথবাহিনী। শনিবার ভোর থেকেই কাশ্মীরের সোপিয়ানে এনকাউন্টার শুরু হয়। সেনা গোয়েন্দারা গোপন সূত্রে খবর পায় সেখানে কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে। এদিন ভোর থেকেই শুরু হয় তল্লাশি, নিরাপত্তাবাহিনী আসতেই গুলি ছোড়ে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় ভরতীয় নিরাপত্তাবাহিনীর জওয়ানরাও। পরে সেনা সূত্রে জানা গিয়েছে সেখানে কাশ্মীর পুলিশ, সিআরপিএফ ও সেনার যৌথবাহিনীর সঙ্গে এনকাউন্টারে তিন জঙ্গি নিকেশ হয়েছে।
সেনা সূত্রে আরও জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যেতেও আরেক এনকাউন্টারে কাশ্মীরের কুলগামে খতম হয়েছে আরও তিন জঙ্গি। জানা গিয়েছে, এদের মধ্যে একজন জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর কমান্ডারও রয়েছে। সে আইইডি বিশেষজ্ঞ ছিল। সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর ওপর একাধিক হামলায় তাঁর যোগ ছিল বলে দাবি সেনার। সেনাবাহিনীর সূত্র আরও জানিয়েছে, বেশ কয়েকটি জঙ্গি সংগঠন অমরনাথ যাত্রার ওপর হামলার ছক কষেছিল। তার জন্যই ছোট ছোট দল করে লুকিয়ে রয়েছে কাশ্মীরের বিভিন্ন এলাকায়। কাশ্মীর পুলিশ, সেনার গোয়েন্দা বিভাগ সজাগ থাকায় খবর চলে আসে। এরপরই অভিযান শুরু হয় শুক্রবার বিকেল থেকে। নির্দিষ্ট তথ্য নিয়েই তল্লাশি অভিযান শুরু করে যৌথবাহিনী। আগামী ২১ জুলাই থেকে নিয়ন্ত্রিত অমরনাথ যাত্রা শুরু হবে। তার আগেই জঙ্গি হামলার ছক বানচাল করল কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم