ফ্ল্যাটেই বসিয়েছিলেন জুয়ার আসর, গ্রেফতার এই জনপ্রিয় অভিনেতা


লকডাউনের মধ্যেই নিজের ফ্ল্যাটে রমরমিয়ে জুয়ার আসর চালাচ্ছিলেন দক্ষিণের এক জনপ্রিয় অভিনেতা। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয় পুলিশ। হাতেনাতে ধরা পড়ে যায় তামিলনাড়ুর জনপ্রিয় অভিনেতা শাম। তাঁর সঙ্গেই ওই ফ্ল্যাট থেকে পুলিশ আরও ১১ জনকে গ্রেফতার করেছে। চেন্নাইয়ের নুনগামবক্কাম এলাকায় শামের অভিজাত ফ্ল্যাটে চলছিল জুয়ার আসর। এক সূত্র মারফৎ জানা গিয়েছে, তামিল অভিনেতা শামের সঙ্গে আরও কয়েকজন অভিনেতাকেও গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু এই ব্যপারে মুখ খোলেনি চেন্নাই পুলিশ। দক্ষিণী সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, সম্প্রতি এক কলেজছাত্র জুয়ায় সর্বস্ব হারিয়ে আত্মহত্যা করে। এরপরই তৎপর হয় তামিলনাড়ুর পুলিশ। বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে চেন্নাই সহ বিভিন্ন শহরে জুয়ার ঠেকে হানা দিচ্ছে পুলিশ। কিন্তু চেন্নাইয়ের নুনগামবক্কাম এলাকার এই অভিজাত ফ্ল্যাটেই যে জুয়ার আসর বসাতেন তামিল সিনেমার এই জনপ্রিয় অভিনেতা সেটা জেনে অবাক সিনেমাপ্রেমীরা।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم