
আগেই জানা যাচ্ছিল লকডাউন পরবর্তী সময়ে রেলের টাইমটেবিলে বড়সড় পরিবর্তন হবে। এবার জানা গেল প্রায় ৬,০০০ স্টপেজ কমিয়ে দিতে চলেছে রেলমন্ত্রক। এমনকি বহু স্টেশনও তুলে দিতে পারে রেল। ট্রেনের গতি বাড়াতেই এই সিদ্ধান্ত বলে জানাচ্ছেন রেল কর্তারা। মূলত অলাভজনক স্টেশন থেকেই স্টপেজ বা হল্ট তুলে দেওয়া হবে বহু ট্রেনের। জানা যাচ্ছে যে সমস্ত স্টেশনে সারা দিনে ৫০ জন বা তার কম যাত্রী ওঠানামা করেন সেই স্টেশনে আর দাঁড়াবে না কোনও ট্রেন। সেগুলিই অলাভজনক বলে চিহ্নিত করেছে রেল কর্তারা। এরকম প্রায় ৬,০০০ স্টেশন ইতিমধ্যেই চিহ্নিত করেছে রেল জোনগুলি।

দাবি, এই ব্যবস্থায় ট্রেনের গতি আরও বাড়বে, পাশাপাশি রেল লাইনের রক্ষণাবেক্ষণ করাও অনেক সহজ হবে। উল্লেখ্য, ট্রেনের সংখ্যা অত্যধিক বেড়ে যাওয়ায় লাইন ও সিগন্যাল রক্ষণাবেক্ষণ করতে সমস্যা হয় রেলকর্মীদের। জানা যাচ্ছে, লকডাউনে বন্ধ যাত্রীবাহী ট্রেন পরিষেবা। মাত্র ২৩০টির মতো বিশেষ যাত্রীবাহী দূরপাল্লার ট্রেন চলাচল করছে সারা দেশে। ফলে এই সুযোগে আমূল পরিবর্তন করা হচ্ছে রেল ব্যবস্থায়। ইতিমধ্যেই নতুন টাইমটেবিলের কাজ সম্পন্ন হয়েছে। যা আইআইটি-মুম্বইয়ের সাহায্য নিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। নতুন টাইমটেবিলে যাত্রীসংখ্যার উপর নির্ভর করে মধ্যবর্তী স্টেশনগুলিতে ট্রেন কতক্ষণ দাঁড়াবে বা আদৌ দাঁড়াবে কিনা।
Post a Comment
Thank You for your important feedback