দুর্ঘটনাগ্রস্থ বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার, দুই যাত্রীর শরীরে মিলল করোনা

 
কেরলের কোঝিকোরে দুর্ঘটনার কবলে পড়া এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার হয়েছে। যেকোনও বিমান দুর্ঘটনার তদন্তে এই ব্ল্যাকবক্সই তুরুপের তাস। ডিজিসিএ জানিয়েছে শনিবার সকালে ওই বিমানের ব্ল্যাকবক্সের হদিশ পেয়েছে উদ্ধারকারী দল। কমলা রঙের এই যন্ত্রটিতেই রেকর্ড থাকে বিমানের যাবতীয় খুঁটিনাটি। অপরদিকে কোঝিকোরে দুর্ঘটনার কবলে পড়া বিমানের দুই যাত্রীর শরীরে মিলল করোনা ভাইরাস। যদিও দুজনের মধ্যে একজনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। অপরজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। কেরলের উচ্চশিক্ষামন্ত্রী কেটি জলিল জানিয়েছেন, গুরুতর আহত কয়েকজনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হয়েছিল। তাঁদের মধ্যে আপাতত দুজনের শরীরেই মিলেছে কোভিড-১৯ ভাইরাস। কেরলের স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা জানিয়েছেন, উদ্ধার অভিযানে শামিল হওয়া প্রত্যেককে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেককে করোনা টেস্টের জন্য নমুনা পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি। কোঝিকোর বিমানবন্দরে মোতাতেন থাকা সিআইএসএফ জওয়ানদের মধ্যে ৫০ জন উদ্ধারকাজ শুরু করেছিলেন। তাঁদের প্রত্যেককেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এছাড়া বিমান দুর্ঘটনায় আহত প্রত্যেক যাত্রীর লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে বলে কেরলের স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে। অপরদিকে, এদিন ডিজিসিএ কর্তাদের সঙ্গে নিয়ে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি জানান, দুর্ঘটনার কারণ জানতে আমাদের এখন অপেক্ষা করতে হবে। সংবাদমাধ্যমকে কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, মৃতদের পরিবারকে ১০ লক্ষ ক্ষতিপূরণ আর গুরুতর আহতদের ২ লক্ষ টাকা দেওয়া হবে। অপেক্ষাকৃত কম জখমের ৫০ হাজার টাকা এককালীন সাহায্য দেওয়া হবে।
 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم