‘বঙ্গ বিজেপিতে কোনও বিভেদ নেই’, জল্পনা ওড়ালেন দিলীপ

দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বঙ্গ বিজেপির বৈঠকের পর থেকেই বিতর্ক চলছিল। সোশাল মিডিয়া থেকে সংবাদমাধমে বঙ্গ বিজেপির গোষ্ঠীকোন্দল নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। সোমবার এক সাংবাদিক সম্মেলনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সব জল্পনার অবসান ঘটালেন এক কথায়। তিনি জানিয়ে দিলেন, ‘সবকিছু ঠিক আছে’। বাংলায় বিজেপি নেতৃত্বের মধ্যে কোনও সমস্যাই নেই। উল্টে তিনি এই বিতর্কের হোতা হিসেবে তৃণমূল কংগ্রেসকেই দায়ী করলেন। দিলীপ ঘোষের দাবি, ‘যারা নিজেদের দল সামলাতে পারছে না, তারাই বিজেপির সম্পর্কে মিথ্যা প্রচার করা হচ্ছে। বিজেপিতে কোনও বিভেদ নেই, ভুল বোঝাবুঝি নেই’। তিনি বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায়ের সঙ্গে বিবাদ নিয়েও মুখ খোলেন এদিন।
দিলীপ ঘোষের দাবি, ‘মুকুলদার সঙ্গে বাদানুবাদ হয়েছে বলে যে জল্পনা ছড়িয়েছে সেটা ভিত্তিহীন। সেরকম কোনও রিপোর্টই পেশ করা হয়নি সেদিন’। এমনকি বাবুল সুপ্রিয়র সঙ্গেও তাঁর সম্পর্ক অত্যন্ত মধুর জানিয়ে দিলীপ ঘোষ বলেন, বাবুল তাঁকে জন্মদিনে ফোন করেছিলেন। এমনকী দলের অন্দরের কোন্দলের এই সমস্ত খবর নিয়ে তাঁরা হাসিঠাট্টাও করেছেন। সবশেষে রাজ্যের শাসকদলকে কাঠগড়ায় তুলে তাঁর দাবি, ‘এরকম খবর তৈরি করে বিজেপির সুনাম নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। বিজেপির প্রতি মানুষের আস্থা নষ্ট করতে, বিজেপি কর্মীদের মনোবল নষ্ট করতে এই কাজ করা হচ্ছে’। প্রসঙ্গত, গত শুক্রবারই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেন বাংলার এক কেন্দ্রীয় মন্ত্রী ও চার সাংসদ। এরপরই বঙ্গ বিজেপির অন্দরে কোন্দলের জল্পনা ছড়িয়ে পড়ে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post