ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবেন না, চিনকে কড়া বার্তা ভারতের


রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ফের কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করল চিন। তবে ভারতের তরফে এর জবাবও কড়া ভাষায় পেয়েছে বেজিং। ভারতের কড়া আপত্তিতে চিনের চেষ্টা সফল হয়নি বলেই জানিয়েছে বিদেশমন্ত্রক। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবেন না। বুধবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে বেজিংকে এই বার্তাই দিয়েছে নয়া দিল্লি। প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা (৩৭০ ধারা বিলোপ) প্রত্যাহারের বছরপূর্তির দিনই বুধবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে পাকিস্তানের কাশ্মীর সংক্রান্ত ইস্যুকে সমর্থন জানায় চিন। কিন্তু নিরাপত্তা পরিষদের বাকি চার স্থায়ী সদস্য দেশ আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়া নাকচ করে ভারতকেই সমর্থন জানায়। তাঁরা স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, বিষয়টি দ্বিপাক্ষিক এবং সেই কারণে নিরাপত্তা পরিষদে উত্থাপনের যোগ্য নয়। এরপরই বৃহস্পতিবার বিবৃতি জারি করে বেজিংকে কড়া জবাব দিল ভারতের বিদেশমন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এক বিবৃতি দিয়ে জানান, ‘এটাই প্রথম নয় যে ভারতের একান্ত অভ্যন্তরীণ বিষয় নিয়ে চিন কথা বলেছে। আমাদের ঘরোয়া বিষয়ে চিনের এই নাক গলানোর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আবেদন করছি যে এমন অহেতুক চেষ্টা না করে যথাযথ সমাধানের পথে সহায়তা করা হোক’। উল্লেখ্য, সম্প্রতিক সময়ে পূর্ব লাদাখে ভারতীয় ভূখণ্ড দখল নিয়ে দুদেশের সম্পর্কে অবনতি হয়। এরই পরিপ্রেক্ষিতে ভারত বেশ কয়েকটি চিনা মোবাইল অ্যাপ ব্যান করে দেয়। যা নিয়ে আপত্তি জানায় চিন। এবার জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের বর্ষপূর্তিতেই বন্ধু দেশ পাকিস্তানের উত্থাপন করা ইস্যুকে সমর্থন করে চিন ভারতকে বার্তা দেওয়ার চেষ্টা করে। কিন্তু ভারতের কড়া অবস্থান ও নিরাপত্তা পরিষদের বাকি স্থায়ী সদস্য দেশের আপত্তিতে মুখ পুড়ল চিনের।
 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post