
খাস কলকাতায় ভুয়ো কলসেন্টার খুলে অভিনব কায়দায় প্রতারণা চক্রের হদিস মিলল এবার। মঙ্গলবার রাতভর তল্লাশি চালিয়ে কলকাতা পুলিশের গোয়েন্দারা গ্রেফতার করেছে ৯ জনকে। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েক লাখ টাকা নগদ, কয়েকটি ল্যাপটপ ও একটি মার্সেডিজ গাড়ি। সূত্রের খবর, মঙ্গলবারই কুখ্যাত দুষ্কৃতী শেখ বিনোদকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের রিজেন্ট পার্ক থানার পুলিশ। তাঁকে জেরা করেই এই ভুয়ো কলসেন্টারের হদিস পান গোয়েন্দারা। এরপরই গোপনে দুটি দলে ভাগ হয়ে প্রগতি ময়দান থানা এলাকার একটি আবাসন ও প্রতাপাদিত্য রোডের একটি বাড়িতে হানা দেন গোয়েন্দারা। প্রগতি ময়দান থানা এলাকা থেকে চারজনকে গ্রেফতার করা হয়। এখান থেকে চারটি কম্পিউটার, ৩টি হার্ড ডিস্ক এবং চারটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের নাম কান্তপ্রসাদ চৌরাশিয়া, ডেভিড জয়সওয়াল, রাজেন্দ্র দ্বিবেদী ও সুরজিৎ বৈষ্ণব। প্রথম দুজন বাগুইহাটি, তৃতীয়জন কসবা ও শেষেরজন পুরুলিয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। অপরদিকে প্রতাপাদিত্য রোডের ওই বাড়িতে হানা দিয়ে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। এদের নাম সন্দীর কুমার সাউ, ফারাদ রাব্বানি, মহম্মদ সোয়েব ইউসুফ, মহম্মদ ইজাজ খান ও শাহানু সিং। এরা প্রত্যেকেই কলকাতার বিভিন্ন এলাকার বাসিন্দা। এখান থেকে ৬টি ল্যাপটপ, একটি কম্পিউটার ও একটি বিলাসবহুল মার্সিডিজ গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ। পাশাপাশি ধৃতদের কাছ থেকে নগদ ৪ লাখ ৬ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত ৯ জনের বিরুদ্ধেই তথ্যপ্রযুক্তি আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তাঁদের জেরা করে আরও তথ্য জানার চেষ্টা করছে কলকাতা পুলিশের গোয়েন্দারা।

إرسال تعليق
Thank You for your important feedback