মস্তিস্কের অস্ত্রোপচার সফল, তবে ভেন্টিলশনে প্রণব


প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মস্তিস্কের অস্ত্রোপচার সফল হয়েছে। চিকিৎসকরা তাঁর মস্তিস্কে জমাট বাঁধা রক্ত (ক্লট) বের করতে সফল হয়েছেন। তবে আপাতত ভেন্টিলেশনে রয়েছেন তিনি। সূত্রের খবর, রবিবার রাতেই তিনি শৌচাগারে পড়ে মাথায় চোট পান। তিনি ডান হাত উপরে তুলতে পারছিলেন না। সঙ্গে সঙ্গেই তাঁকে সেনাবাহিনীর এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালেই রুটিন পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে। এই খবর অবশ্য নিজেই সোমবার টুইট করে জানিয়েছিলেন প্রণববাবু। তবে চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁর শরীরে কোনও করোনার উপসর্গ ছিল না। মঙ্গলবার সকালেই সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মাথার অস্ত্রোপচার সফল হয়েছে। তাঁকে আপাতত ভেন্টিলেশনেই রাখা হয়েছে। আগামী ৯৬ ঘন্টা কড়া পর্যবেক্ষণের রাখা হবে প্রাক্তন রাষ্ট্রপতিকে।
উল্লেখ্য, গতকালই ৮৪ বছর বয়সী প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে প্রণব কন্যা তথা কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলে প্রণববাবুর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এছাড়া প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রতিরক্ষামন্ত্রী, রেলমন্ত্রী সহ বিরোধী নেতা রাহুল গান্ধি সকলেই প্রণব মুখোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন। উল্লেখ্য, ২০১৭ সালে স্বাস্থ্য ও বয়সজনিত কারণে তিনি রাষ্ট্রপতি নির্বাচন ও সক্রিয় রাজনীতি থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছিলেন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post