সুশান্ত মৃত্যু বিতর্ক, মুম্বইয়ে নামতেই বিহারের আইপিএস-কে ‘জোর করে’ কোয়ারেন্টাইনে


অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের তদন্ত নিয়ে দেশের দুই রাজ্যের তরজা এখন খবরের শিরোনামে। অভিনেতার মৃত্যু নিয়ে তদন্ত করছে মুম্বই পুলিশ ও বিহার পুলিশের দুটি আলাদা তদন্তকারী দল। আর বিহার পুলিশের অভিযোগ, তদন্তে বাধা দিচ্ছে মুম্বই পুলিশ। এবার একই অভিযোগ উঠল বৃহন্মুম্বই পুরসভার (বিএমসি) বিরুদ্ধে। অভিযোগ, বিহার পুলিশের তদন্তকারী আইপিএস অফিসার বিনয় তিওয়ারিকে জোর করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। রবিবার রাতেই এই কথা টুইট করে জানিয়েছেন বিহার পুলিশের ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডে। তিনি টুইটে লেখেন, ‘আইপিএস অফিসার বিনয় তিওয়ার পাটনা থেকে মুম্বই পৌঁছন রবিবার। যে দলটি মুম্বইয়ে তদন্ত করছে তার নেতৃত্ব দেওয়ার জন্য যান তিনি। কিন্তু রাত ১১টা নাগাদ তাঁকে জোর করে কোয়ারেন্টাইনে পাঠান বৃহন্মুম্বই পুরসভার আধিকারিকরা। অনেক অনুরোধের পরেও তাঁকে আইপিএস মেসে থাকার অনুমতি দেওয়া হয়নি। ফলে গোরেগাঁওতে একটি গেস্ট হাউসে থাকতে হচ্ছে বিনয়কে’।


তিনি পাটনা পূর্বের পুলিশ সুপার। রবিবার তিনি বিহার পুলিশের একটি তদন্তকারী দল নিয়ে মুম্বই পৌঁছন। অভিযোগ, ওই আইপিএস আধিকারিককে রাত ১১টার সময় কোয়রান্টিনে যেতে বাধ্য করেছেন বিএমসির আধিকারিকরা। উল্লেখ্য, মুম্বই পুলিশের তদন্তে ভরসা রাখতে না পেরে প্রয়াত অভিনেতার বাবা পাটনার রাজেন্দ্রনগর থানায় এফআইআর দায়ের করেন। সুশান্তের বাবা কেকে সিং ছেলের বান্ধবী রিয়া চক্রবর্তী সহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তারই তদন্ত শুরু করেছে বিহার পুলিশের একটি বিশেষ দল। প্রসঙ্গত, আগে থেকেই বিহার পুলিশের চারজনের একটি তদন্তকারী দল মুম্বইয়ে রয়েছেন। তাঁদের তদন্তে সাহায্য করতেই পাটনা পূর্বের পুলিশ সুপার গিয়েছিলেন মুম্বইয়ে। কিন্তু তাঁকে পরিকল্পনামাফিক কোয়ারেন্টাইনে পাঠিয়ে বিহার পুলিশের তদন্তে বাধা দিতে চাইছে মুম্বইয়ের একটি প্রভাবশালী মহল। এমনই অভিযোগ তুলছেন সুশান্তের পরিবার। তাতেই কার্যত শিলমোহর দিলেন বিহার পুলিশের ডিজিপি।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم