কেন কেরলের কোঝিকোর অবতরণের সময় দুর্ঘটনার মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৩৭ বিমানটি? তদন্ত করতে দুটি উচ্চ পর্যায়ের দল তৈরি করেছিল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। এবার কেরল পুলিশ আলাদা করে একটি উচ্চ পর্যায়ের ‘স্পেশাল ইনভেস্টিগেশন টিম’ বা ‘সিট’ গঠন করল। ৩০ জনের এই দলের নেতৃত্ব দেবেন মালাপ্পুরমের অতিরিক্ত পুলিশ সুপার জি সাবু। তবে কেরল পুলিশ যে সমস্ত ধারায় মামলা দায়ের করে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করল সেটাই চাঞ্চল্য তৈরি করেছে। সুত্রের খবর, ভারতীয় দন্ডবিধির ৩৩৭, ৩৩৮ এবং ৩০৪ ধারায় তদন্ত করবে ওই বিশেষ তদন্তকারী দল। প্রসঙ্গত, ৩৩৭ ধারায় কাউকে আঘাত করা, ৩৩৮ ধারায় কারোর জীবন ও সম্পত্তি বিপন্ন করা ও গভীরভাবে আঘাত করা। আবার ৩০৪ ধারায় গাফিলতির জেরে মৃত্যু ঘটানোর মতো অপরাধের তদন্ত হবে। এর থেকে পরিস্কার, নিছক দুর্ঘটনা মানতে নারাজ কেরল পুলিশ। এখন প্রশ্ন উঠছে, যদি কারোর গাফিলতি থেকে থাকে সেটা কার বা কাদের? কেরল পুলিশের গঠিত ৩০ সদস্যের ‘সিট’ সেটাই খুঁজে বার করবেন।
কেরলের কোঝিকোর অবতরণের সময় রানওয়েতে পিছলে গিয়েই বিমানটি ৩৮ ফুট খাদে গিয়ে পড়ে। জানা গিয়েছে, দুর্ঘটনার ৫ মিনিটের মধ্যেই সিআইএসএফ জওয়ানরা উদ্ধারকাজ শুরু করে। পাশাপাশি বিমানবন্দরের গেট খুলে দিয়ে স্থানীয় বাসিন্দাদেরও উদ্ধারকাজে লাগানো হয়। ৫-৭ মিনিটের মধ্যে দমকলের গাড়িও পৌঁছে যায় ঘটনাস্থলে। ফলে মৃতের সংখ্যা বাড়েনি বলেই দাবি কোঝিকোর বিমানবন্দর কর্তৃপক্ষের। এখানেই প্রশ্ন উঠছে, তবে কী বিপদ সঙ্কেত পাঠিয়েছিলেন পাইলট? তবে আগেই জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধার হয়েছে ইতিমধ্যেই। সেটি দিল্লিতে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। এই ব্ল্যাকবক্সেই সুরক্ষিত থাকে পাইলটের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রেলের আধিকারিকদের কথোপকথনের রেকর্ড। তাঁর থেকেই বোঝা যাবে গোটা পরিস্থিতি। অপরদিকে মার্কিন বিমান প্রস্তুতকারী সংস্থা ‘বোয়িং’ এই বিমান দুর্ঘটনার তদন্ত করতে সহায়তা করার আশ্বাস দিয়েছে। তাঁদের একটি টেকনিক্যাল টিম শীঘ্রই কোঝিকোরে আসবে। তাঁরা বিমানের ধ্বংসস্তুপ পরীক্ষা করে ও নানান নমুনা সংগ্রহ করে দুর্ঘটনার কারণ খোঁজার চেষ্টা করবেন। সবমিলিয়ে বিষয়টি হালকা করে দেখতে নারাজ কোনও পক্ষই। অপরদিকে, মালাপ্পুরমের জেলাশাসক জানিয়েছেন, ওই বিমান দুর্ঘটনায় জখম ১৪ জন যাত্রীর অবস্থা খুবই আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
إرسال تعليق
Thank You for your important feedback