
বাস ও মিনিবাস মালিকদের জন্য সুখবর। করোনা আবহে বাসের ভাড়া বৃদ্ধি করা নিয়ে দীর্ঘদিনের দাবি ছিল বাস মালিক সংগঠনগুলির। কিন্তু বাস ভাড়া বাড়িয়ে সাধারণ মানুষের ওপর বোঝা চাপাতে নারাজ ছিল রাজ্য। এই পরিস্থিতিতে বড়সড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্ন থেকে তিনি জানিয়ে দিলেন, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাস, মিনিবাসের কর মকুব করা হল। মোটর ভেহিকেলসের অতিরিক্ত করও মকুব করা হয়েছে। পাশাপাশি পারমিট ফি মকুবের সিদ্ধান্তও হয়েছে। এই সিদ্ধান্তে বাসমালিক সংগঠনগুলি খুশি হবে বলেই আশা করা হচ্ছে।

করোনা সংক্রমণের জেরে গত মার্চ মাস থেকে দেশজুড়েই লকডাউন জারি করা হয়েছিল। ফলে গণপরিবহণ বন্ধ হয়ে যায়। কিন্তু করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে জুন মাসে শুরু হয় আনলক পর্ব। সেসময় সুরক্ষাবিধি ও সামাজিক দূরত্ববিধি মেনে বাস চালানোয় ছাড় দেওয়া হয়। কিন্তু বাঁধাধরা যাত্রী ও ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস ওঠে বাসমালিকদের। তাঁরা দাবি তোলেন, বাসের ভাড়া বাড়াক সরকার। কিন্তু মুখ্যমন্ত্রী সেটা মানতে নারাজ ছিলেন। পরে তিনি বাসমালিকদের মাসিক ১৫ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন। কিন্তু তাতেও চিঁড়ে ভেজেনি। ফলে রাস্তায় প্রয়োজনের তুলনায় বেসরকারি বাসের সংখ্যা কমই ছিল। এবার সমস্যার সমাধানের উদ্দেশ্যে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাস, মিনিবাসের কর মকুব করা হল। মোটর ভেহিকেলসের অতিরিক্ত করও মকুব করা হল।
إرسال تعليق
Thank You for your important feedback