
টাকা নিয়ে বিবাদের জেরে গণপিটুনির ঘটনা এবার খাস কলকাতায়। রবিবার রাতে বাগুইআটি থানা এলাকার অর্জুনপুর মাছ বাজারে স্বপন রাজবংশী (৫২) নামে এক মাছ ব্যবসায়ী গণপিটুনির শিকার হয়েছেন। ঘটনার তদন্তে নেমে একজনকে গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, স্বপনবাবু পেশায় মাছ বিক্রেতা। বেশ কয়েকদিন ধরে তাঁর সঙ্গে কেশব রাজবংশী ওরফে ছোটকা নামে এক যুবকের ব্যবসায়িক লেনদেন নিয়ে গোলমাল চলছিল। রবিবার রাতে সেটা চরমে ওঠে। অভিযোগ, স্বপনবাবু বাড়ি ফেরার পথে তাঁকে ধরে বেধড়ক মারধোর করা হয়। আরও অভিযোগ, তাঁকে নর্দমায় ফেলে গলা টিপে মারা হয়েছে। জানা গিয়েছে, ওই সময় রাস্তায় বেশি লোকজন ছিল না। কিন্তু কয়েকজন দেখে ফেলায় চিৎকার-চেঁচামেচি শুরু করলে পালায় ছোটকা ও তাঁর দলবল। গুরুতর আহত স্বপনবাবুকে উদ্ধার করে তড়িঘড়ি দমদমের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাগুইআটি থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে কেশব রাজবংশী ওরফে ছোটকাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, গলা টিপে ধরার জন্যই মৃত্যু হয়েছে ওই মাছ ব্যবসায়ীর। মূলত টাকা পয়সার লেনদেন নিয়ে অশান্তির জেরেই এই খুন বলে মনে করছে পুলিশ।

إرسال تعليق
Thank You for your important feedback