নেপালে পাচারের আগে উদ্ধার প্রচুর রেশনের চাল, গম, কেরোসিন



নেপালে পাচারের আগে বিপুল পরিমাণ রেশনের চাল, তেল ও গম উদ্ধার করল ফাঁসিদেওয়া থানার পুলিশ। শিলিগুড়ি মহকুমা পরিষদের ধামভিটা এলাকার ঘোষপুকুরে অভিযান চালিয়ে এক বাড়ি থেকে প্রচুর পরিমান রেশনসামগ্রী উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৫০০ কেজি রেশন সামগ্রী পাওয়া গিয়েছে ওই বাড়িতে। যেগুলি নেপালে পাচার করা হত বলেই জানতে পেরেছে পুলিশ। রাজ্যের রেশন দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরেই সরব বিজেপি সহ রাজ্যের সমস্ত বিরোধী রাজনৈতিক দল।

এরমধ্যেই এই বিপুল পরিমান রেশনের চাল, গম ও কেরোসিন তেল উদ্ধার হওয়ায় ওই অভিযোগের সত্যতা মিলল বলে দাবি বিরোধীদের। জানা যাচ্ছে, প্রায় ৬০০ কেজি চাল, ৬৮০ কেজি গম, ৯৮ প্যাকেট আটা, ১৯০ কেজি মুগডাল পাওয়া গিয়েছে ওই বাড়ি থেকে। শুধু তাই নয়, কয়েকশো লিটার কেরোসিন তেলও উদ্ধার হয়েছে সেখান থেকে। পুলিশ সূত্রের খবর, ধৃতের নাম হরদেব রায়। তাঁর বাড়িতেই মজুত ছিল এই পাচারের রেশন সামগ্রী। জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই ওই যুবক বেআইনিভাবে রেশনের চাল, গম নিজের বাড়িতে মজুত রাখত। এবং ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি দিয়ে নেপালে পাচার করত। অবশেষে রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ হানা দিয়ে এই রেশনের দ্রব্যগুলি আটক করে। এর পিছনে আরও কোনও চক্র রয়েছে কিনা জানতে তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم