প্রাকৃতিক বিপর্যয় মাথায় করেই মহাকাশ থেকে ‘সমুদ্রঝাঁপ’ দুই নভশ্চরের

 
মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার কথা ছিল দুই মার্কিন নভশ্চরের। কিন্তু বিরূপ প্রকৃতি। মেক্সিকো উপসাগরের যে এলাকায় তাঁদের স্পেস ক্যাপসুলের অবতরণ করার কথা ছিল ওই এলাকায় ধেয়ে আসছে ভয়ানক ঝড় ‘ইসাইয়াস’ (Isaias)। তবে সব ভালো যার শেষ ভালো। অবশেষে নির্বিঘ্নেই মহাকাশ থেকে অবতরণ করেন দুই মার্কিন নভশ্চর। রবিবার স্থানীয় সময় দুপুর ২টো ৫৫ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে চারটি ক্যাপসুল নেমে আসে মেক্সিকো উপসাগরের বুকে। নির্বিঘ্নেই অশান্ত সমুদ্রে চারটি প্যারাসুটে ভর করে ঝাঁপিয়ে পড়ে স্পেস ক্যাপসুলটি। সঙ্গে সঙ্গেই কাছেপিঠে ছড়িয়ে থাকা স্পিডবোট ছুটে যায় অকুস্থলে। ক্যাপসুলটি উদ্ধার করে জাহাজে তুলে নেয়।


টানটান উত্তেজনার এই রূদ্ধশ্বাস দৃশ্য তখন দেখছিলেন নাসার জনসন স্পেস সেন্টারের কন্ট্রোলরুমের মহাকাশ বিজ্ঞানীরা। সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরই প্রবল হাততালিতে ফেটে পড়েন তাঁরা। উল্লেখ্য, চারমাস মহাকাশ স্টেশনে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন দুই মার্কিন নভশ্চর ডগলাস হার্লি এবং বব বেনকেন। কিন্তু একদিন আগে পর্যন্ত তাঁদের ফেরা নিশ্চিন্ত ছিলনা। কারণ হারিকেন ‘ইসাইয়াস’। যার জেরে ওই নভশ্চররা কীভাবে সমুদ্রে অবতরণ করবেন, কিভাবেই বা তাঁদের উদ্ধার করা হবে? এই চিন্তায় মাথার চুল ছিঁড়ছিলেন মহাকাশ গবেষকরা। একবার ভাবাও হয়েছিল ওই নভশ্চরদের ফেরার টিকিট বাতিল করা হবে। পরে আবহাওয়ার উন্নতি হলে ফেরানো হবে। কিন্তু সেগুলির কোনওটিও করতে হলনা।


সিদ্ধান্ত হয় মার্কিন সময় অনুযায়ী রবিবার ভোরে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেবেন তাঁরা। সেই মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তাঁদের ‘ফেয়ারওয়েল’ দেওয়া হয়। নাসা টিভিতে ওই অনুষ্ঠানের লাইভ সম্প্রচারে নভশ্চর ডগলাস হার্লি বলেন, ‘আর একটু পরেই মহাকাশযানে উঠব, তার পর অবতরণ ও জলে ঝাঁপ’। অপর নভশ্চর তাঁর ছেলের দেওয়া খেলনা ডাইনোসর দেখিয়ে ছেলের উদ্দেশ্যে বলেন, ‘ট্রেমর, দ্য অ্যাপাটোসরাস এ বার বাড়ি ফিরছে। বাবার সঙ্গেই ফিরছে’। উল্লেখ্য, গত ৩০ মে মহাকাশে পাড়ি দিয়েছিলেন এই দুজন। তাঁরা নাসার ইতিহাসে প্রথমবার বেসরকারি উদ্যোগে তৈরি মহাকাশযানে পাড়ি দিয়েছিলেন। যার নাম ছিল ‘স্পেসএক্স ক্রু ড্রাগন’। যেটি তৈরি করেছিল মার্কিন বিমান প্রস্তুতকারক সংস্থা বোয়িং।

1 Comments

Thank You for your important feedback

  1. এত ভুল ইনফরমেশন কেন?? ‘স্পেসএক্স ক্রু ড্রাগন’ তৈরী করেছে SpaceX। বোয়িং না। "উল্লেখ্য, চারমাস মহাকাশ স্টেশনে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন দুই মার্কিন নভশ্চর ডগলাস হার্লি এবং বব বেনকেন। ..... উল্লেখ্য, গত ৩০ মে মহাকাশে পাড়ি দিয়েছিলেন এই দুজন।" ৩০ মে থেকে ২ অগাস্ট চার মাস হয় কিকরে ? ওনারা 63 days, 23 hours and 25 minutes কাটিয়েছিলেন মহাকাশ এ। ঠিক ঠাক ইনফরমেশন দিন।

    ReplyDelete

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post