জাতীয় শিক্ষানীতিতেও আপত্তি রাজ্যের, ছয় সদস্যের কমিটি গঠন



জাতীয় শিক্ষানীতি আগেই প্রত্যাখ্যান করেছিল তামিলনাড়ু। এবার প্রায় সেই পথেই হাঁটল পশ্চিমবঙ্গ। সোমবার এক অনুষ্ঠানে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিলেন, বিষয়টি পর্যালোচনার জন্য একটি ছয় সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। পার্থবাবুর দাবি, ‘এই নতুন শিক্ষানীতি নিয়ে আমাদের আপত্তি রয়েছে। আমরা লিখিত আকারে জানিয়েছিলাম। শিক্ষানীতি চালু করতে গেলে আগে অনেক কিছু করতে হবে। পাঁচবছরে এই শিক্ষানীতি চালু করা সম্ভব নয়। পড়াশোনার কোনও নিয়মনীতি পরিবর্তন হল না, আলাপ-আলোচনা হল না অথচ নির্দেশিকা জারি হয়ে গেল। পরিকাঠামো উন্নয়নের জন্য যে খরচ হবে, তা বহন করবে কারা? হঠাৎ করে এইভাবে জাতীয় শিক্ষানীতি চালু করা যায় না। সব প্রশ্নের সহজ উত্তর চাই’। নতুন শিক্ষানীতি নিয়ে মতামত জানতে রাজ্য সরকার একটি ছয় সদস্যের কমিটিও গঠন করেছে। এই কমিটিতে রয়েছেন সাংসদ সৌগত রায় সহ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, সব্যসাচী বসু রায়চৌধুরী, অভীক মজুমদার, পবিত্র সরকার এবং সুরঞ্জন দাস। তাঁরা আগামী ১৫ আগস্টের মধ্যে নতুন জাতীয় শিক্ষানীতি নিয়ে রিপোর্ট জমা করবেন। তার ভিত্তিতেই কেন্দ্রের কাছে রিপোর্ট পাঠাবে রাজ্য। অপরদিকে নতুন শিক্ষানীতির তিন ভাষা ফর্মুলা নিয়ে আপত্তি জানিয়েছে দক্ষিণের রাজ্য তামিলনাড়ু। ওই রাজ্য সাফ জানিয়ে দিয়েছে, কোনও অবস্থাতেই এই শিক্ষানীতি তাঁরা কার্যকর করবে না। উল্লেখ্য  মুখ্যমন্ত্রী পলানীস্বামীর দল এডিএমকে বিজেপির অন্যতম জোটসঙ্গী। তামিলনাড়ুর প্রধান বিরোধী দল ডিএমকে-ও ‘হিন্দি আগ্রাসনের’ বিরুদ্ধে সরব হয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post