
রাজনৈতিক মহলে করোনার থাবা অব্যহত। এবার করোনার করাল গ্রাসে মারা গেলেন উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভার প্রশাসক স্বপন ঘোষ। সম্পর্কে তিনি বিধানসভার মুখ্য সচেতক তথা তৃণমূল নেতা নির্মল ঘোষের ভাই। স্বপন ঘোষের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পানিহাটি জুড়ে। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই স্বপনবাবু কিডনির সমস্যায় ভুগছিলেন। তিনবছর আগে তাঁর কিডনি প্রতিস্থাপনও হয়েছিল। ইদানিং তিনি ফের অসুস্থ হয়ে পড়লে করোনা পরীক্ষা করান। এরপরই রিপোর্ট পজিটিভ আসে। সত্তরোর্ধ এই রাজনীতিবিদকে তড়িঘড়ি বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার গভীর রাতে তাঁর অবস্থার আচমকাই অবনতি হয়। এরপর চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শুক্রবার ভোর ৪টে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই নেতা। উল্লেখ্য, ২০১৮ সালে পানিহাটি পুরসভার মেয়াদ শেষ হলে তিনি চেয়ারম্যানের দায়িত্ব ছাড়েন। কিন্তু পরে তাঁকেই এই পুরসভার মুখ্য প্রশাসক নিয়োগ করে রাজ্য সরকার। পরিবার সূত্রে জানা গিয়েছে শুক্রবারই যাবতীয় কোভিড বিধি মেনে খড়দা শ্মশানে তাঁর দেহ সৎকার করা হবে।

Post a Comment
Thank You for your important feedback