
বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন ঝাড়গ্রামের গোপিবল্লভপুরের সিজুয়া গ্রামের এক বাসিন্দা। কিন্তু করোনা আবহে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া বা করোনা পরীক্ষা করাতে এগিয়ে আসছিলেন না কেউ। এমনকি কোনও অ্যাম্বুলেন্স বা গাড়িও তাঁকে হাসপাতালে নিয়ে যেতে চায়নি। ফলে বিপাকে পড়েন ওই ব্যক্তির পরিবার। এর জেরে বাড়িতেই প্রায় বিনা চিকিৎসায় পড়ে ছিলেন ওই ব্যক্তি। লোকমুখে খবর পেয়ে এগিয়ে এলেন স্থানীয় এক তৃণমূল নেতা। তিনি পুরো ঘটনা জেনে তৎক্ষণাৎ একটি পিপিই জোগাড় করে মোটরসাইকেল নিয়েই পৌঁছে যান ওই ব্যক্তির বাড়ি।

এরপর ওই বাইকেই চাপিয়ে জ্বরে আক্রান্ত ব্যক্তিকে নিয়ে পৌঁছে যান গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। গোপীবল্লভপুরের ১ ব্লকের যুব তৃণমূল সভাপতি সত্যকাম পট্টনায়েক নিজের বাইকে চাপিয়ে হাসপাতালে নিয়ে যান তাঁকে। তাঁর এই মানবিক উদ্যোগের ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। তাঁকে কুর্নিশ জানাচ্ছেন নেটিজেনরা। তৃণমূলের ওই যুব নেতা সত্যকাম পট্টনায়েক পরে জানিয়েছেন, সিজুয়া গ্রামের বহু বাসিন্দাই ভিনরাজ্যে কাজ করতেন। তাঁদের মধ্যে কয়েকজন করোনায় আক্রান্তও হয়েছিলেন। এই আবহে জ্বরে ভুগছিলেন ওই ব্যক্তি। ফলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কেউ এগিয়ে আসেননি। আমি খবর পেয়েই সিদ্ধান্ত নিয়েছিলাম পিপিই কেনার। বর্তমানে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই ব্যক্তি। তাঁর কোভিড টেস্ট করা হবে বলে জানা গিয়েছে।
ছবি: তৃণমূল নেতা সত্যকাম পট্টনায়েক

Post a Comment
Thank You for your important feedback