১২ ঘন্টার বনধে উত্তপ্ত বাগনান, সৌমিত্রকে ঢুকতে বাধা পুলিশের

বিজেপি নেতা কিঙ্কর মাঝির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বুধবার রাত থেকেই উত্তপ্ত হাওড়ার বাগনান। বৃহস্পতিবার ১২ ঘন্টার বাগনান বনধের ডাক দিয়েছে জেলা বিজেপি। এদিন সকাল থেকেই বাগনানে বনধ সমর্থনে মিছিল করে বিজেপি কর্মীরা। পাল্টা মিছিল করে তৃণমূলও। ফলে উত্তেজনা ছড়ায় বাগনানে। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশবাহিনী।

 

এরমধ্যেই বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ-কে বাগনানে ঢোকার মুখেই আটকে দেয় পুলিশ। তাঁর দাবি পুলিশ তাঁকে হেনস্থা করেছে। এরপরই ধুন্ধুমার বাঁধে বাগনানে। রাস্তায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মী-সমর্থকরা। বিজেপি সমর্থকরা থানার গেটে বিক্ষোভ দেখায়। এমনকি গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা চালানো হয় বলেও অভিযোগ উঠেছে।

 

বিজেপি মহিলা মোর্চাও রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকে। বিভিন্ন এলাকায় পথ অবরোধে কার্যত অচল হয়ে পড়ে বাগনান। বিজেপির অভিযোগ, পুলিশ পক্ষপাতদুষ্ট আচরণ করছে। বিজেপির মিছিল থেকে বেশ কয়েকজন নেতা কর্মীকে আটক করেছে পুলিশ। অথচ বাগনান স্টেশন চত্বরে তৃণমূলের মিছিল নির্বিঘ্নেই হয়েছে। যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ-র অভিযোগ, ‘আমাদের ছেলেদের গ্রেফতার করা হল কেন? ওদের মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে’।

এবার গোটা হাওড়া জ্বলবে বলেও কর্মীদের সংযত থাকার পরামর্শ দিয়েছেন তিনি। বেলা যত বাড়ছে রাস্তায় বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি বাড়ছে। পরে অবশ্য সৌমিত্র খাঁ বাগনানে মৃত বিজেপি নেতা কিঙ্কর মাঝির বাড়িতে যান। কথা বলেন পরিবারের লোকজনদের সঙ্গে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post