অস্ট্রেলিয়া সফরে টিম ইন্ডিয়া থেকে বাদ পড়লেন বিশ্বের সীমিত ওভারের সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা। কিন্তু কেন? বিসিসিআইয়ের দাবি, তাঁর চোট আছে। ভারতের সহ-অধিনায়ক কিন্তু এ বিষয়ে একটিও শব্দ খরচ করেননি। বরং রোহিতের বাদ পড়া নিয়ে সরব হন ক্রিকেটপ্রেমীরাই। এবার এই প্রশ্ন তুলে বিতর্ক তৈরি করলেন প্রাক্তন ক্রিকেটার কিংবদন্তি সুনীল গাভাসকর। তিনি বললেন, রোহিতকে নেট প্র্যাকটিস করতে দেখলাম, কী এমন হল যে দলে নেই তিনি? সানি আরও বলেছেন, সীমিত ওভারের খেলা এখনও দেড়মাস বাদে হবে। তবে রোহিতের জন্য অপেক্ষা করা হল না কেন? ক্রিকেট দুনিয়ায় ফিসফাস, কোহলি ও রোহিতের সম্পর্ক অনেকদিন ধরেই খারাপ। দিল্লি-মুম্বই লবি আলাদা হয়েছে আগেই। এরপর বিশ্বকাপে পরাজয় নিয়ে রোহিত মুখ খুলে অধিনায়ক কোহলি ও হেডকোচ রবি শাস্ত্রীর বিরাগভাজন হয়েছিলেন। তবে এটা কি তবে তারই প্রতিফলন? বাস্তব সত্যি হচ্ছে, দিল্লি ও মুম্বই লবির ঠান্ডা লড়াই বা অধিনায়কের ক্ষমতার বলে জাতীয় দল গঠন হয়ে আসছে বহুদিন ধরেই। গাভাসকর অধিনায়ক হয়েই বাদ দিয়েছিলেন বেদি, মদনলালদের। আবার কপিল অধিনায়ক হয়ে বিশ্বকাপে সুযোগ দেননি শাস্ত্রী, বেঙ্গসরকারদের। আবার মহম্মদ আজহারউদ্দিন অধিনায়ক হয়ে ছেঁটে ফেলেছিলেন শাস্ত্রী, শ্রীকান্ত, বেঙ্গসরকার সহ বহু অধিনায়ক হওয়ার দাবিদারকে। ধোনি অধিনায়ক হয়ে বাদ দিয়েছিলেন শেহবাগ, গম্ভীর, যুবরাজদের। এমনকি ধোনির দাবিতে ছেঁটে দেওয়া হয়েছিল সৌরভ, দ্রাবিড়, লক্ষ্মণদেরও। এখন প্রশ্ন উঠেছে, অধিনায়কের দাবিদার বলেই কি কোপ পড়ল রোহিতের উপর?
Post a Comment
Thank You for your important feedback