দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক সেরে বেরিয়েই রাজ্যপাল তোপ দাগলেন রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে। বৃহস্পতিবার সকালেই তিনি অমিত শাহর সঙ্গে বৈঠক করেন। এরপরই তিনি সাংবাদিক সম্মেলন করেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি, আমজনতার সঙ্গে সংযুক্ত বেশ কিছু বিষয়, রাজ্যের আরও বিভিন্ন ইস্যু নিয়ে তাঁর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বিশদে কথা হয়েছে।
রাজ্যপাল এরপরই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ফের প্রশ্নচিহ্ন তুলে দিয়ে বলেন, ‘গোটা রাজ্য জুড়ে নৈরাজ্য চলছে। আইনের শাসন ভেঙে পড়ছে। তাঁর আরও অভিযোগ, বাংলায় প্রশাসনের শীর্ষ আমলারাও রাজনৈতিক দলের নেতাদের মতো আচরণ করছেন। এটাকে তিনি আমলাতন্ত্রের রাজনীতিকরণ বলে ব্যাখ্যা করে বলেন, যে কোনও রাজ্যে এরকম হলে গণতন্ত্র টিকিয়ে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজ্যপালের দাবি, রাজনৈতিক হিংসা ও মৃত্যু দিন দিন বাড়ছে এই রাজ্যে। মুখ্যমন্ত্রীকে তিনি বিষয়টি একাধিকবার জানিয়েছেন।

কিন্তু পরিস্থিতির কোনও পরিবর্তন ঘটেনি। ফলে রাজ্যে লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার। ক্ষমতার শীর্ষে এমন কিছু মানুষ রয়েছেন, যাঁদের সঙ্গে রাজ্য রাজনীতির প্রত্যক্ষ কোনও যোগ নেই। রাজ্যে মানবাধিকারের কোনও জায়গা নেই। ১৬ দিন ধরে হাসপাতালের মর্গে পড়ে থাকা এক বিজেপি কর্মীর দেহের প্রসঙ্গ তুলে তাঁর অভিযোগ, হাইকোর্টের রায় থাকার পরও ওই ব্যক্তির দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হচ্ছে না। ফলে দেহ সৎকারও করা যাচ্ছে না।
অপরদিকে সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়েও এদিন দিল্লিতে তোপ দাগেন রাজ্যপাল। তাঁর কথায়, বাংলায় সন্ত্রাসবাদীদের জাল ছড়িয়ে পড়ছে। মুর্শিদাবাদ আলকায়দার আঁতুড়ঘর হয়ে দাঁড়িয়েছে। সূত্রের খবর, এদিন অমিত শাহকে এই সমস্ত বিষয় বিস্তারিত জানিয়ে একটি রিপোর্ট জমা দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

إرسال تعليق
Thank You for your important feedback