৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক উড়ান

এখনও পুরোপুরি নিয়ন্ত্রনে আসেনি করোনা সংক্রমণ। তাই আনলক-৬ পর্ব শুরু না করে আনলক-৫ আরও একমাস বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ করোনা সংক্রান্ত গাইডলাইন একই থাকবে। নতুন কোনও ক্ষেত্রে আর ছাড় দেওয়া হচ্ছে না। আগের গাইডলাইন অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান গুলির ব্যপারে সিদ্ধান্ত নিতে পারবে সংশ্লীষ্ট রাজ্য সরকারগলি। সমস্ত সুরক্ষাবিধি মেনে ১৫ অক্টোবরের পর রাজ্য সরকার যদি মনে করে এবং অভিভাবকদের সঙ্গে আলোচনা করে যদি স্কুল খোলার মতো পরিস্থিতি থাকে তবেই স্কুল-কলেজ চালুর অনুমতি দেওয়া যেতে পারে বলে জানিয়েছিল কেন্দ্র। এবার আনলক-পাঁচের মেয়াদ বাড়ানো হলেও শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কোনও স্পষ্ট নির্দেশিকা ছিল না। এই বিভ্রান্তি দূর করতে নতুন গাইডলাইন দিল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিল, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে স্কুল, কলেজগুলি গ্রেডের ভিত্তিতে এবং শিক্ষা প্রতিষ্ঠান পরিচালক কমিটির সঙ্গে পরামর্শক্রমে কেস-টু-কেস ভিত্তিতে প্রতিষ্ঠান ফের খোলা যেতে পারে। সেই সঙ্গে এও জানানো হয়েছে, কোনও শিক্ষা প্রতিষ্ঠানই শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতির জন্য বাধ্য করতে পারবে না। যারা অনলাইন ক্লাসে পড়াশোনা চালিয়ে যেতে চাইবে তাঁদের অবশ্যই অনুমতি দিতে হবে। অর্থাৎ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্কুল-কলেজ খোলার জন্য চাপ দিতে পারবে না রাজ্যগুলি। 


অপরদিকে, আন্তর্জাতিক উড়ান নিয়েও ধোঁয়াশা কাটালো ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA)। আনলক পাঁচের সঙ্গে তাল মিলিয়েই আন্তর্জাতিক উড়ানেও নিষেধাজ্ঞা বহাল রাখলো ডিজিসিএ। তবে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে কার্গো বিমান ও কয়েকটি নির্দিষ্ট রুটেই চলবে আন্তর্জাতিক বিমান। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ২২ মার্চ থেকে বন্ধ আন্তর্জাতিক উড়ান। এরমধ্যে অবশ্য বিদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের দেশে ফেরাতে ‘বন্দে ভারত’ প্রকল্পের উড়ান চালু করে ভারত সরকার। আনলক পাঁচে আবার বিশ্বের ১৮টি দেশের সঙ্গে বিমান চলাচলের বিষয়ে নির্দিষ্ট চুক্তিও হয় ভারতের। এর আওতায় ওই সমস্ত দেশগুলি ও ভারতের কয়েকটি শহরের মধ্যে নির্দিষ্ট কয়েকটি বিমান চলাচল করবে। যাত্রীরা কোভিড বিধি মেনেই ওই বিমানে চড়তে পারেন। ডিজিসিএ নতুন বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে এই চুক্তি অনুযায়ী বিমানগুলিও চলাচল করতে পারবে। বিশ্বের বাকি অংশের সঙ্গে বিমান যোগাযোগ আপাতত বন্ধই থাকছে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।



Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم