ট্যাক্সিতে উঠে অনেকেই অনেক কিছু ফেলে রেখেই নেমে যান। কেউ সেগুলি ফেরত পান, আবার কেউ কেউ পান না। কিন্তু তা বলে নিজের শিশুসন্তানকে ট্যাক্সিতে ফেলে রেখে যেতে পারেন কেউ? হ্যাঁ পারেন, তাড়াহুড়োয় ঘুমন্ত ছোট্ট শিশুকে ট্যাক্সিতে রেখেই নেমে গেলেন এক দম্পতি। ঘটনাটি মঙ্গলবার গভীর রাতে ঘটেছে কলকাতার আলমবাজার এলাকায়। ঠিক কী হয়েছিল? ওই ট্যাক্সিচালক এবং বিধাননগর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, অবিশ্বাস্য ঘটনার বিবরণ। কলকাতা বিমানবন্দর থেকে গভীর রাতে ওই শিশু সন্তানকে নিয়েই আলমবাজারের উদ্দেশ্যে একটি প্রি-পেড ট্যাক্সিতে ওঠেন এক দম্পতি। ট্যাক্সিতেই ঘুমিয়ে পড়েছিল ওই খুদে।
গন্তব্যে পৌঁছানোর পর ওই দম্পতি সঙ্গের লটবহর নিয়ে নেমে গেলেও ঘুমন্ত শিশুকে সঙ্গে নিয়ে নামতে ভুলে গেলেন। ফলে ট্যাক্সি নিয়ে চালকও অন্যদিকে চলে যান। গাড়িতেই ঘুমিয়ে থাকে শিশুটি। বেশ কিছুক্ষণ পর শিশুটির কান্না শুনে চালক থ! তিনি সঙ্গেসঙ্গেই যোগাযোগ করেন এয়ারপোর্ট ট্রাফিক গার্ডের পুলিশকর্মীদের সঙ্গে। এরপর পুলিশ ও ওই ট্যাক্সিচালকের সহায়তায় অবশেষে খোঁজ মেলে শিশুটির বাবা-মায়ের। পরে প্রমাণসহ শিশুটিকে বিমানবন্দর থানা থেকে নিয়ে যান তাঁরা। পুরো ঘটনার বিবরণ দিয়ে বিধাননগর সিটি পুলিশ ফেসবুকে শেয়ার করে। এরপরই নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন ওই দম্পতি। তাঁদের দায়িত্ববোধ নিয়েই প্রশ্ন তুলছেন সকলে। কেউ কেউ আবার শাস্তির দাবিও তুলেছেন ওই দম্পতির।

إرسال تعليق
Thank You for your important feedback