ঠিক কাকে নিশানা করছেন শুভেন্দু অধিকারী? প্রায় প্রতিদিনই তিনি নানান কর্মসূচিতে যোগ দিচ্ছেন, ভাষণও দিচ্ছেন অথচ তাঁর সভায় থাকছে না কোনও দলীয় প্রতিক বা পতাকা। আর ভাষণে থাকছে অসংখ্য খোঁচা ও ধন্ধ। তাঁকে নিয়েই এখন রাজ্য রাজনীতি তোলপাড়। সমস্ত কিছুই যেন তালগোল পাকিয়ে দিচ্ছেন মেদিনীপুরের ভূমিপুত্র তথা রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিকেলে পূর্ব মেদিনীপুরের পটাশপুরের আড়গোয়ালে পঞ্চায়েতের প্রশাসনিক ভবন উদ্বোধনে গিয়েছিলেন শুভেন্দু। সেখানেও বেলাগাম তিনি। বলেলন, ‘ক্ষমতার দম্ভ দেখালে ২৩৫ যেমন উঠে গিয়েছে, তেমনই পঞ্চায়েতের ক্ষমতায় থাকা ব্যক্তিদেরও সরিয়ে দেবে মানুষ’। স্মরণ করালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সেই ‘আমরা-ওরা’ তত্ত্বের কথাও।
সেই উদাহরণ দিয়েই তিনি বললেন, ‘পার্টি দেখে কাজ করলে বেশিদিন থাকতে পারবেন না। মানুষকে নিয়ে কাজ করলে অনেকদিন থাকবেন। দিনের শেষে যতই ক্ষমতার দম্ভ দেখান না কেন! মানুষই তো শেষ কথা বলে’। এরপরই তিনি বলেন, ‘আমি নন্দীগ্রামের লড়াই দেখেছি। তখনকার সরকার বলেছিল,আমরা তো ২৩৫, ৩০ জনের কথা শুনবো কেন! এত পুলিস, এত অর্থ, এত ক্ষমতা, বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ, এত বৈভব, এত অহংকার - দেড় বছরের লড়াইয়ে সব ভেঙেচুরে তছনছ হয়ে গিয়েছিল। মানুষ সব তছনছ করে দিল। অন্তর ঠিক রাখলেই একমাত্র টিকে থাকবেন’। বিগত কয়েকদিন ধরেই বেলাগাম পরিবহণমন্ত্রী। তাঁর অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব অবশ্য আকারে ইঙ্গিতে বোঝাতে চাইছেন শুভেন্দুকে দলে স্বাগত।
রাজ্য রাজনীতিতে কানাঘুঁষো চলছে শুভেন্দুও বিজেপিমুখী। কিন্তু তিনি নিজে অবশ্য বলে চলেছেন মিডিয়ার গুজবে কান দেবেন না। অপরদিকে কোনও রকম দলীয় পতাকা ও প্রতীক (তৃণমূল) ছাড়াই শুভেন্দুর অনুগামীরা ‘আমরা দাদার অনুগামী’ লেখা ব্যানার-পোস্টারে ছয়লাপ করছেন চারদিক। সবমিলিয়ে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীকে নিয়ে টানটান উত্তেজনার পরিবেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন বিরোধী দলগুলি।


Post a Comment
Thank You for your important feedback