কমলার জন্য তুলাসেন্দ্রাপুরমের প্রার্থনা

ভোট গোনা শেষ হয়নি আমেরিকায়। প্রার্থনাও শেষ হয়নি তুলাসেন্দ্রাপুরমের। মার্কিন মুলুক থেকে প্রায় ১৩ হাজার কিলোমিটার দূরের এই গ্রাম এখন চরম উৎকণ্ঠায়। গ্রামের মেয়ে জিতবে তো!


তামিলনাডুর এই গ্রাম মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের শিকড়। তাঁর ঠাকুরদার পৈত্রিক ভিটে। ইন্ডিয়া টুডে জানাচ্ছে, কমলার জয়ের প্রার্থনায় তুলাসেন্দ্রাপুরমের মন্দিরে বিশেষ পুজো দিয়েছেন মহিলারা। কমলার তুতো আত্মীয়া ৩৪ বছরের উমাদেবী এই গ্রামের পঞ্চায়েতের সদস্য। তাঁর কথায়, কমলা গাঁয়ের মেয়ে। নিজের রাজনীতি নিয়ে উমা বলছেন, জানি লড়াই কঠিন। কিন্তু নতুন সবকিছুই তো কঠিন। 


এক শতাব্দী আগে কমলার দাদু এই গ্রামে জন্মেছিলেন। কমলা জন্মেছেন ক্যালিফোর্নিয়ায়, মা ভারতীয়, বাবা জামাইকান। পাঁচ বছর বয়সে একবার এসেছিলেন এই গ্রামে। চেন্নাইয়ের সৈকতে দাদুর সঙ্গে হাঁটার কথা মনে রয়েছে তাঁর। 


ক্যালিফোর্নিয়ার প্রাক্তন অ্যাটর্নি জেনারেল ৫৫ বছরে কমলা ভারতীয় বংশোদ্ভূত প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা যিনি এই পদে লড়াই করছেন। প্রেসিডেন্টের টিকিটে চতুর্থ মহিলা। এখন তাঁর লড়াইয়ের সুবাদে নজরে এসেছে এই গ্রাম। চারিদিকে কমলার হাসিমুখের ছবি লাগানো পোস্টার, হোর্ডিং। জয়ের প্রার্থনা জানিয়ে। 


কমলার আইনের ডিগ্রি থাকলেও উমাদেবী কিন্তু স্কুলের গন্ডি পেরোননি। ১৫ বছরের পর মা আর তাঁকে পড়তে দেননি। যে জেলায় এই গ্রাম সেই তাঞ্জাভুরে সাক্ষরতার হার ৮২ শতাংশ। জেলার শিক্ষাবিভাগের কর্তাদের দাবি, সব মেয়েই স্কুলে যায়। উমা চান, এই গাঁয়ের মেয়েরাও পড়াশোনা করুক। তারাও যেন একদিন কমলা হ্যারিস হতে পারে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post